নাশকতার বিরুদ্ধে চট্টগ্রামে আ.লীগের মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে নগরের প্রতিটি থানা এলাকায় সমাবেশ এবং ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্য, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী রাজপথ শক্তভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখার তাগিদ দেন। তিনি দলীয় নেতাদের উদ্দেশে বলেন, ‘এখন যা চলছে তা কোনো আন্দোলন নয়। এটা হচ্ছে নাশকতা-সন্ত্রাস। নাশকতা করে সরকারের পতন ঘটানো যায় না।’
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘হামলাকারীদের প্রতিরোধ করে শান্তি আনতে দলীয় নেতা-কর্মীরা রাস্তায় থাকবেন। প্রতিটি থানা এলাকায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ হবে। আমরা মাঠে থাকলে জনগণের মনোবল চাঙা থাকবে। হামলাকারীরা তখন পালাবার পথ খুঁজে পাবে না।’
আ জ ম নাছিরউদ্দিন বলেন, ‘আমরা রাজপথে না থাকলে ওরা চোরাগোপ্তা হামলা করবে। এর ফলে যদি কিছু হয়, তাহলে ওরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিনাশ করবে। তখন আমরা কেউ নিরাপদ থাকব না। আমাদের নেতা-কর্মীরা রাজপথে থাকলে ওরা গর্তে ঢুকতে বাধ্য।’
বর্ধিত সভা সম্পর্কে নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত হয়েছে। কারণ ওই দিন থেকে এসএসসি পরীক্ষা। কেউ নাশকতা করলে তাদের প্রতিরোধ করা হবে।’