নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা। ফাইল ছবি।
শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। এখনো রাজনীতির নামে জঙ্গিবাদী তৎপরতা, সন্ত্রাস, নাশকতা, মানুষকে পুড়িয়ে হত্যাসহ নানাভাবে মানুষের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ রোববার আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: কেন বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের একটি’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শাহিনুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। স্বাগত বক্তব্য দেন মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের অধিকার পদদলিত করতে চায়, দেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা দেয়, সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই নতুন প্রজন্মসহ দেশবাসীকে রুখে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। তিনি বলেন, দেশের যেকোনো ধরনের বাধা অতিক্রম করে সারা বিশ্বে বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে বঙ্গবন্ধুর ভাষণটি শক্তি ও সাহস জুগিয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত গ্রন্থ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: বহুমাত্রিক বিশ্লেষণ এবং জি মওলা সংকলিত ১২টি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং তাঁর জীবন পরিচয়সংক্রান্ত গ্রন্থ পয়েট অব পলিটিকস (রাজনীতির কবি)-এর মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ দেশের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে আর একটি ভাষণও নেই, যে ভাষণটি ৪৪ বছর ধরে মানুষ শুনছে, বাজানো হচ্ছে। ভাষণটি কত কোটি বার, কত মাস, কত ঘণ্টা, কত সময় ধরে বেজেছে, কত কোটি মানুষ শুনছে-তার হিসাব কেউ বলতে পারবে না। পৃথিবীর ইতিহাসে আর কোনো শ্রেষ্ঠ ভাষণ মানুষ এতবার শোনেনি। তিনি বলেন, ‘এই ভাষণ দেওয়ার আগে অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধুকে। আমার মা ফজিলাতুন্নেছা মুজিব রাজনীতির ক্ষেত্রে পর্দার আড়ালে থাকলেও দেশের স্বাধীনতা, সংগ্রাম ও বাঙালির মুক্তির প্রশ্নে তাঁর অপরিসীম অবদান, প্রজ্ঞা কোনো দিন জাতি ভুলবে না। ওই দিন আমার মা তাঁকে কিছু সময়ের জন্য সবার থেকে আলাদা করে নিয়ে একান্তে চিন্তা করার সুযোগ করে দিয়েছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমার মা বঙ্গবন্ধুকে তাঁর ঘরে নিয়ে বলেন, তোমার ওপর লাখো মানুষের জীবন ও ভাগ্য নির্ভর করছে। দেশের স্বাধীনতা নির্ভর করছে। তাই কে কী বলল বা পরামর্শ দিল তা বাদ দিয়ে দেশের মানুষের দিকে তাকিয়ে তোমার মন থেকে যা বলার দরকার তা-ই বলবে। বঙ্গবন্ধু ৭ মার্চ সেই ঐতিহাসিক ভাষণই দিয়েছেন।’

মূল প্রবন্ধে অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর অমর রচনা, বাঙালির মহাকাব্য। এই মহাকাব্য হাজার বছরের সংগ্রামের ধারা ও স্বাধীনতার লালিত স্বপ্ন থেকে উৎসারিত। একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই এ মহাকাব্য রচনা সম্ভব ছিল। অধ্যাপক মেসবাহ কামাল বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি শ্রেষ্ঠ কবিতা রচনা করে গিয়েছিলেন বঙ্গবন্ধু এই ভাষণের মাধ্যমে। তাই দেশের মানুষকে সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও এই অমর ভাষণটি অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে।