বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগরের বিভিন্ন সাংগঠনিক এলাকার নেতাদের এক সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের কর্মীরা আর ধৈর্যের পরিচয় দিতে চায় না। আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, আগামীকাল (আজ সোমবার) বিজয় দিবস থেকেই আমাদের শপথ নিতে হবে। এরপর যদি আর কেউ একটি আঘাত হানে, কোথাও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যদি আমার দলীয় নেতা-কর্মীদের ওপর আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দেওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হলো।’ তিনি বলেন, ‘আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন।’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যে ওয়ার্ডে নাশকতা প্রতিহত হবে না, সেখানকার নেতাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। যেখানে গাড়ি পুড়বে, এসে বলবেন না গাড়ি পুড়িয়েছে। যেখানে পারবেন ধরে মিষ্টি খাওয়াবেন। মানে ধরো আর মারো।’ জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেটি মেনে যার যার এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিষ্কার কথা, আর ধৈর্য-সহ্য নয়। প্রতিশোধ নিতে হবে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আমরা এখন যুদ্ধে আছি। বক্তৃতায় আর কাজ হবে না। ওদের প্রতিরোধ করতে হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ, আফজাল হোসেন, কামরুল ইসলাম, শাহে আলম মুরাদ প্রমুখ। মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নিয়ে এ যৌথসভার আয়োজন করা হয়। আজ বিকেল তিনটায় আওয়ামী লীগের শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক আন্দোলনের নামে হত্যা, সম্পত্তিতে আগুন, জনগণের জানমালের ক্ষতি জনগণ কিছুতেই মেনে নেবে না। বিএনপি-জামায়াতের সৃষ্ট নৈরাজ্য এবং জ্বালাও-পোড়াও কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না।’