সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এ কর্মসূচিতে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ও সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
মানববন্ধনে শিক্ষকেরা গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মানুষকে দগ্ধ করা, ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করাকে বিবেকবর্জিত মানুষের কাজ উল্লেখ করেন। তাঁরা সব ধরনের সহিংসতা বন্ধ এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক এইচ এম কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সমিতির সভাপতি বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, ইতিহাস বিভাগের ইমরান হোসেন, ইংরেজি বিভাগের মোস্তাইন বিলাহ, বাংলা বিভাগের সৌরেন বিশ্বাস, প্রাণিবিদ্যা বিভাগের মো. শাহ আলম, সমাজতত্ত্ব বিভাগের আবদুর রউফ, বাংলা বিভাগের অধ্যাপক আমাতুল লায়লা জামান, ইংরেজি বিভাগের সুকান্ত ভট্টাচার্য, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফরিদুল আলম, পদার্থবিদ্যা বিভাগের মো. মহসীন প্রমুখ।