নাশকতার বিরুদ্ধে সমাবেশ, মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে আগুন-পেট্রলবোমায় মানুষ পোড়ানো, গাড়ি পোড়ানো, ভাঙচুরসহ সহিংসতা ও নাশকতার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশে হয়েছে।
ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: দুটি রাজনৈতিক দলের ক্ষমতার দ্বন্দ্ব দেশকে আজ মৃত্যুপুরীতে পরিণত করছে। একদিকে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ। অন্যদিকে গণতন্ত্রের নামে চলছে নাশকতা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। মানুষ নিরাপদে চলতে-ফিরতে পারছে না। আগুন- পেট্রলবোমায় মানুষ পোড়ানো, গাড়ি পোড়ানো হচ্ছে। সব মানুষকে এই সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
গতকাল দুপুরে শহরের চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘ, নারীসেল, শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ মো. আবদুল খালিক, লোকগবেষক মাহফুজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলা শহীদ মিনার চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে গতকাল বিকেলে মানববন্ধন হয়েছে। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখার সভাপতি কবি সাইয়িদ ফখরুল। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, শিক্ষক মঞ্জুশ্রী রায়, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, শিক্ষক বিলকিস বেগম, কবি সনাতন হামোম প্রমুখ।
ময়মনসিংহ: সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ১১টি সংগঠনের উদ্যোগে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গতকাল বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, অপরাজনীতি ও নাশকতার কারণে সাধারণ মানুষের জীবন নিরাপদ নয়।
মানববন্ধনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মহিলা পরিষদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, প্রগতি লেখক সংঘ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ ১১টি প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।