রাজধানীর গুলশানে ইতালির নাগরিক হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি নাশকতা ও অন্তর্ঘাত বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এরশাদ এ দাবি ও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গুলশান ও বারিধারা এলাকায় নিরাপত্তাব্যবস্থা আবারও ঢিলেঢালা হয়ে পড়ায় সেখানে অপরাধমূলক নানা ঘটনা ঘটে চলেছে।
রওশন এরশাদ বলেন, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল-আলি গুলিতে নিহত হওয়ার পর গুলশান, বারিধারা এলাকায় নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হলেও সাম্প্রতিক সময়ে আবার তা ঝিমিয়ে পড়েছে। ইতালির নাগরিক তাবেলা সিজার খুন হওয়া তার প্রমাণ। তিনি বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি লাভ করছে এবং সেটা বিশ্বসমাজেও স্বীকৃত। এ ধারাবাহিকতা বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা অপরিহার্য শর্ত। বাংলাদেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে না, এমন শক্তি দেশের ভেতরে ও বাইরে থাকা অস্বাভাবিক নয়। তাদের পরাভূত করেই বাংলাদেশ এগিয়ে যাবে।