নাশকতার ভয়ে কমে গেছে যাত্রী, লঞ্চে বসছে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার ভয়ে ঢাকা-বরিশাল নৌপথে বিলাসবহুল লঞ্চে যাত্রী কমে গেছে। যাত্রীদের নিরাপত্তায় ও নাশকতা ঠেকাতে নতুন কৌশল নিয়েছে বিআইডব্লিউটিএ, নৌ-নিরাপত্তা বিভাগ, পুলিশ ও লঞ্চমলিকেরা। লঞ্চে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসানোর প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া কেবিনের যাত্রীদের জাতীয় পরিচয়পত্র জমা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত কিছুর পরও বরিশাল নৌবন্দরে যাত্রীদের ভিড় নেই। নাশকতার আশঙ্কায় যাত্রী কমে গেছে বলে মনে করছে লঞ্চমালিক ও নৌ-নিরাপত্তা বিভাগ।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ জানায়, অবরোধে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে নাশকতা চালানো হচ্ছে। দুটি লঞ্চের কেবিনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বুধবার নৌ-নিরাপত্ত বিভাগ, পুলিশ প্রশাসন এবং লঞ্চমালিকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় যাত্রীদের জানমালের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা সব লঞ্চে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে কেবিনের যাত্রীদের জাতীয় পরিচয়পত্র এবং মুঠোফোন নম্বর সংরক্ষণ করার জন্য অনুরোধ জানানো হয়। নৌবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া লঞ্চের স্টাফদের কেবিন ভাড়া না দেওয়ার আহ্বান জানায় প্রশাসন। তার পরও যাত্রীদের আশ্বস্ত করা যাচ্ছে না।
অন্যদিকে পর পর দুটি বিলাসবহুল লঞ্চের কেবিনে অগ্নিসংযোগ ও নাশকতা ঘটায় এর প্রভাব পড়েছে যাত্রীদের মধ্যে। ১৩ জানুয়ারির পর থেকে ঢাকাগামী লঞ্চের যাত্রীসংখ্যা কমে অর্ধেকে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, বিলাসবহুল লঞ্চগুলো অনেকটা খালি। পন্টুনেও তেমন ভিড় নেই।
সুন্দরবন লঞ্চের ব্যবস্থাপক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ১৩ জানুয়ারি লঞ্চের কেবিনে আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ কারণে যাত্রীর চাপ নেই।
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আবুল বাসার মজুমদার বলেন, ‘স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী অর্ধেকে নেমে এসেছে। তবে যাত্রীদের আশ্বস্ত করতে নৌবন্দরে ২৪ ঘণ্টা পুলিশি নজরদারি রাখা হয়েছে। এর সঙ্গে সব লঞ্চে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’