নাশকতার মধ্য দিয়ে হরতাল শুরু

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে আজ রোববার ভোর ছয়টা থেকে শুরু হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল। হরতাল শুরুর আগে ও পরে রাজধানীর কয়েকটি এলাকায় হরতালকারীরা বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও মিছিল করেছে। পুলিশ এসব ঘটনায় ১৫ জনকে আটক করেছে।
গাবতলী: ভোর চারটার দিকে গাবতলী বিআরটিসি বাস ডিপোতে থেমে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাস দুটির আসনগুলো পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগীয় উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, বিআরটিসির কোনো কর্মচারী এ ঘটনার জন্য জড়িত বলে সন্দেহ করছেন তাঁরা। ডিপোর পাশে উঁচু দেয়াল। সেটা টপকে বাইরের কারও পক্ষে আগুন দেওয়া কঠিন। এ কারণে সেখানকার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তির নাম বলতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জানান, এতে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মিরপুর: ভোর ছয়টার দিকে মিরপুর প্রশিকা ভবনের মোড়ে ব্যানার নিয়ে মিছিল করে ছাত্রশিবির। পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, আটক হওয়া ব্যক্তিদের এই এলাকায় বড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল। তাদের কাছে বিপুল পরিমাণ পেট্রলবোমা ও লিফলেট পাওয়া যায়।

তেজগাঁও: ভোর ছয়টার দিকে তেজগাঁওয়ে চ্যানেল টোয়েন্টিফোরের গলিতে ব্যানার হাতে মিছিল করে যুবদল। সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর প্রায় আধা ঘণ্টা পর ছাত্রদলের ১৫-২০ জন নেতা-কর্মী নাবিস্কো মোড়ের উত্তরপাশে মিছিল বের করেন। তাঁরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে।
এদিকে শ্যামলী রিং রোডে সকাল সাড়ে সাতটার দিকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগীয় পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় হরতালের সমর্থনে সকাল সাড়ে আটটার দিকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বুড়িগঙ্গা প্রথম সেতুর কাছে ছয়-সাতটি যানবাহন করে এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুবদলের সভাপতি মোকাররম হোসেন জানান, গুলিবিদ্ধ চারজন হলেন থানা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রুপন মিয়া, যুবদলের সদস্য মিরাজ হোসেন, ছাত্রদল নেতা মো. সেলিম। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন হরতালে ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও চারজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বলেন, ‘আমি ওই এলাকায় ছিলাম না। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।’
এদিকে ভোর ছয়টার দিকে ঢাকা-মাওয়া রুটের আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় হরতালকারীরা টায়ার জ্বালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
ট্রেন চলাচল স্বাভাবিক: ১৮-দলীয় জোটের ডাকা হরতালের মধ্যে আজ রোববার রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক (সিআই) মো. মুজিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে।
মতিঝিল-পল্টন: এদিকে হরতাল চলাকালে রাজধানীর মতিঝিল, পল্টন ও প্রেসক্লাব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এসব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কগুলোতে বাস চলাচল অন্য হরতালের তুলনায় কম লক্ষ করা গেছে। তবে রিকশা, লেগুনা ও সিএনজিচালিত অটো রিকশা চলাচল করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশের মতিঝিল থানার ভ্রাম্যমাণ পরিদর্শক (পিআই) শেখ আবুল বাশার প্রথম আলো ডটকমকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মতিঝিলের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্যাংক ও শেয়ারবাজার: হরতালের মধ্যে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। মতিঝিলের দিলকুশা ব্যাংকপাড়া এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ থাকলেও বিকল্প পথে গ্রাহকেরা সেবা নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশ ব্যাংকে হরতালের কোনো প্রভাব নেই। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে লেনদেন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু হয়েছে। তবে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম বলে একাধিক হাউস সূত্রে জানা গেছে।