নাশকতার মামলা: বগুড়ায় উপজেলা চেয়ারম্যানসহ চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘চাঁদে দেখা গেছে’ গুজব ছড়িয়ে সহিংসতার মামলার আসামি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল গনিসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তাঁরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবদুল গনি উপজেলা জামায়াতের সাবেক আমির। অপর তিনজন হলেন একই উপজেলার জামায়াতের কর্মী ওমর আলী, রফিকুল ইসলাম ও মো. শহীদুল্লাহ।
দীর্ঘদিন পলাতক থাকার পর তিন আসামি আজ বেলা ১১ টার দিকে বগুড়া জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলা জজ আ ন মো সাঈদ জামিন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ৩ মার্চ সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়া জেলাজুড়ে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির। ওই সহিংসতার ঘটনায় দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের তৎকালীন আমির আবদুল গনির নেতৃত্বে থানায় হামলা, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের বাসায় হামলা-ভাঙচুর চালানো হয়। এসব হামলার ঘটনায় একাধিক মামলায় আবদুল গনিকে প্রধান আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়।