নাশকতার মামলায় কাউন্সিলর প্রার্থী হাসিবুর গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর (রাজারবাগ, শান্তিনগর, নয়াপল্টন, পুরানা পল্টন) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির রাজনীতি করলেও হাসিবুর নির্বাচনে দলের সমর্থন পাননি।
হাসিবুরের পক্ষে প্রচারণাকারীরা বলছেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না, হলফনামাতেও কোনো মামলার কথা উল্লেখ করা হয়নি। বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী তিনি, কিন্তু এলাকায় তাঁর অবস্থান ভালো। তাই ষড়যন্ত্র করে তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়াসহ পুলিশকে আক্রমণ করে আহত করার অভিযোগে গত ১১ জানুয়ারি পল্টন থানায় করা মামলার আসামি হাসিবুর। তাঁকে চামেলীবাগ এলাকা থেকে গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, হাসিবুরের বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। ওই চার মামলারই এজাহারভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। শনিবার খোঁজ পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল চামেলীবাগে হাসিবুরের নির্বাচনী কার্যালয়ে গিয়ে তাঁর পক্ষে প্রচারণাকারীদের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, হাসিবুর প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর ফাস্টফুডের দোকান, কেব্ল ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি বিএনপির রাজনীতি করলেও দলের সমর্থন পাননি। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নানাভাবে তাঁদের হয়রানি করা হচ্ছে। এলাকায় হাসিবুরের সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
হাসিবুরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তাঁর পক্ষে খায়ের উদ্দীন আহম্মেদ নামের একজন রিটার্নিং কর্মকর্তার কাছে দরখাস্ত দিয়েছেন। সেই দরখাস্তে তাঁকে হয়রানি না করে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।