নাশকতার মামলায় কারাগারে শিবিরের দুই নেতা
নাশকতার মামলায় জামিনে মুক্তির পর অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ছাত্রশিবিরের দুই নেতাকে। তবে আটকের পরও ছেড়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে।
কারাগারে পাঠানো শিবিরের দুই নেতা হলেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এনামুল কবির ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মো. মোস্তফা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, নাশকতার মামলায় জামিনে মুক্তির পর গত বৃহস্পতিবার বিকেলে কারাফটক থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের নেতা আহসান উল্লাহর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাঁকে থানা থেকে ছড়ে দেওয়া হয়। তবে ২০১৪ সালে কোতোয়ালি থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিবিরের দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।