নাশকতার মামলায় শেরপুর পৌরসভার মেয়র জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও অবরোধের সময় বগুড়ার শেরপুরে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় শেরপুর পৌরসভার মেয়র ও শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাধীন কুমার কুন্ডুকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি নেতা ও পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু গতকাল বগুড়ার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক খন্দকার এ টি এম তোফায়েল আহম্মেদ জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, স্বাধীন কুমার কুন্ডুকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় আরও দুটি নাশকতার মামলা তদন্তাধীন রয়েছে।
শেরপুর থানা-পুলিশ সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে বিএনপির নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ ও হরতাল চলাকালে শেরপুর উপজেলার মহিপুর বাজার, ঘোগাবটতলা ও মির্জাপুরের মদনপুরে পরিবহনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্বাধীন কুমার কুন্ডুর বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর মধ্যে টাঙ্গাইলের ট্রাকচালক ফজলুল হকের দায়ের করা মামলায় গত
২৭ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে শেরপুর থানা-পুলিশ। গতকাল ওই মামলায় জামিন চাইতে আদালতে হাজির হন স্বাধীন কুমার।
এ ব্যাপারে বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান প্রথম আলোকে বলেন, স্বাধীন কুমার কুন্ডুর বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে।