নাশকতার মামলায় ৭০ বছরের বৃদ্ধকে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহরের নামাজের প্রস্তুতি নেওয়ার সময় গত ৩ জানুয়ারি ঢাকার সাভারের বিরুলিয়া গ্রামের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ আবদুল কাদেরকে আটক করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম। পরে তাঁকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার তাঁকে রিমান্ডেও নেওয়া হয়।
গত মঙ্গলবার সাভার মডেল থানায় আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি তিন কিলোমিটার দূরে। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। মামলায়ও তাঁর নাম নেই। বিএনপির সক্রিয় কোনো নেতা বা কর্মীও নন তিনি। এর পরেও তাঁকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।
আবদুল কাদেরের ছেলে মোহাম্মদ রিপন বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে বিরুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ওই কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরেই তাঁর বাবাকে ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ওই কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করছেন। আটকের পর পুলিশ তাঁর বাবার কাছ থেকে একটি পদত্যাগপত্রেও স্বাক্ষর নেয়।
এসআই আবুল কাশেম বলেন, ‘ওসির নির্দেশে আমি কাদেরকে গ্রেপ্তার করি। তিনি গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত কি না, তা মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারবেন।’
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘এসআই কাশেম কাদেরকে আটক করে আমার তদন্তাধীন একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখান। তিনি ঘটনার সঙ্গে জড়িত কি না, তা আমার জানা নেই। তবে তিনি বিএনপির সমর্থক।’
অন্যদিকে ছাত্রদল বা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনকে একই ধরনের ঘটনায় জড়িত সন্দেহে আটক করার পরেও পুলিশ তাঁদের ৩৪ ও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এর ফলে অতি সহজেই তাঁরা জামিন পেয়ে যান।
১২ ফেব্রুয়ারি সাভারের উলাইলে বাসে ককটেল নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাভারের কর্ণপাড়া এলাকার আল-আমিন (২৮) নামে যুবদলের এক কর্মীকে আটক করেন এসআই আবু বকর। ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয় ১৪ ফেব্রুয়ারি। ওই দিনই তিনি জামিনে ছাড়া পান।
আল-আমিনের মামা নাজিম উদ্দিন বলেন, তাঁর ভাগনে যুবদলের সঙ্গে জড়িত থাকলেও গাড়িতে ককটেল হামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। এর পরেও পুলিশ তাঁকে আটক করে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়। এর কয়েক ঘণ্টা পর পুনরায় তাঁকে আটক করে এক দিন পর আদালতে সোপর্দ করা হয়। আল-আমিনকে আটকের পর পুলিশ টাকা নিয়েছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে বলেন, ‘ভাই, খুব বিপদে আছি, আমি নিজেও পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে আছি।’
বাসে ককটেল নিক্ষেপের ঘটনায় ১২ ফেব্রুয়ারি রাতে এসআই আবু বকর কর্ণপাড়া এলাকা থেকেই আটক করেন হিমেল হোসেন (২০) ও মামুন (২০) নামে ছাত্রদলের দুই কর্মীকে। তাঁদেরও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে এক দিন পর আদালতে সোপর্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আটককৃতদের স্বজন ও স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, আটকের পর টাকা দিলেই ৩৪ বা ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। আর টাকা না দিলেই নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
আল-আমিন, হিমেল ও মামুনকে আটকের বিষয়ে জানতে চাইলে এসআই আবু বকর তথ্য দিতে গড়িমসি করে এসআই এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তাঁর কথামতো গত রোববার এসআই এমদাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আল-আমিনসহ তিনজনকে আটক করেছেন এসআই আবু বকর। তাই আমার পক্ষে তাঁদের বিষয়ে কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’
এসআই এমদাদের বরাত দিয়ে গতকাল আবু বকরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বাইরে আছি। থানায় ফিরে বলতে পারব।’ এরপর আর তিনি কোনো তথ্য দেননি।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, ‘হরতাল আর অবরোধের কারণে সারা দিন থানার বাইরে থাকতে হয়। কোন দারোগা কখন কাকে ধরেন এবং কোন মামলায় গ্রেপ্তার দেখান, তার সব খবর আমার কাছে থাকে না।’
এসব অভিযোগের বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।