নাশকতার মামলার ভয় দেখিয়ে ঘুষ
গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ব্যক্তিকে সন্দেহজনক আসামি হিসেবে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশের ওই তিন কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল আহম্মেদ ও সেলিম তালুকদার। আরও বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে শফিকুলকে গত সোমবার রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন।
হয়রানির শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ সমিতি এলাকার তোতা মিয়ার ছেলে তানভীর আহাম্মেদ বিএনপির কর্মী ছিলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন না। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরেও যান না।
কালিয়াকৈর থানার এসআই শফিকুল, এএসআই তোফায়েল ও সেলিম গত রোববার বিকেলে তানভীরকে গ্রেপ্তার করেন। তাঁকে থানায় নিয়ে হরতাল-অবরোধের সময় নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর ভয়ভীতি দেখান। ওই দিন রাতেই আত্মীয়স্বজনেরা তানভীরকে ছাড়াতে গেলে ওই তিন কর্মকর্তা দেড় লাখ টাকা দাবি করেন। পরে ৯০ হাজার টাকা দিলেও তাঁরা তানভীরকে ছাড়েননি। পুলিশ তাঁদের জানিয়ে দেয়, ‘গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হয়ে গেছে। তাই ছাড়া হবে না। তবে তাঁকে সন্দেহজনক আসামি হিসেবে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে, যাতে সহজেই জামিন হয়ে যায়।’
সোমবার তানভীরকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠালে তিনি জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
এ ব্যাপারে পুলিশের কর্মকর্তা শফিকুল, তোফায়েল ও সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বলেন, তানভীরের বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাঁকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।