নাশকতার মামলায় কারাগারে গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায় । ফাইল ছবি
গয়েশ্বর চন্দ্র রায় । ফাইল ছবি

রাজধানীর রামপুরা থানায় করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা এ আদেশ দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, নাশকতার এই মামলায় গত মঙ্গলবার আদালত অভিযোগপত্র আমলে নেন। গয়েশ্বর আসামি হলেও ওই দিন তিনি আদালতে উপস্থিত হননি। তাই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় মানসুর প্রধানিয়া নামে একজন মারা যান।

গতকাল মঙ্গলবার পল্টন থানার পৃথক তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।