নাশকতার মামলায় গাজীপুরের ছয় কাউন্সিলরের জামিন
নাশকতার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা গাজীপুর সিটি করপোরেশনের ছয়জন ওয়ার্ড কাউন্সিলর জামিন পেয়েছেন। নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের বিরুদ্ধে তাঁদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
এর ফলে তাঁদের কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী মো. আবু হানিফ। ওই ছয় ওয়ার্ড কাউন্সিলর হলেন তানভীর আহমেদ (১৯ নম্বর ওয়ার্ড), শেখ মো. আলেক (২১ নম্বর ওয়ার্ড), মো. শফিউদ্দিন (৫৩ নম্বর ওয়ার্ড), মো. হান্নান মিয়া ওরফে হানু (১৫ নম্বর ওয়ার্ড), মো. শহীদুল ইসলাম (২০ নম্বর ওয়ার্ড) ও ফয়সাল আহমেদ সরকার (২৬ নম্বর ওয়ার্ড)।
২০১৬ সালের ১৫ এপ্রিল গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলাটি করে পুলিশ। ওই দিন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান দ্বিতীয় দফায় গ্রেপ্তার হন। ওই মামলায় বিএনপিপন্থী এই ছয় কাউন্সিলরসহ ৫০ জনের বিরুদ্ধে গত বছরের ১১ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলায় চলতি বছরের ১১ জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন ছয় কাউন্সিলর। সেদিন আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে গতকাল বুধবার হাইকোর্টে আপিল করে জামিনের আরজি জানান ছয়জন কাউন্সিলর।
আদালতে ছয়জনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু হানিফ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।