নাশকতার মামলায় জামিন গাজীপুরের ছয় কাউন্সিলরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা গাজীপুর সিটি করপোরেশনের ছয়জন ওয়ার্ড কাউন্সিলর জামিন পেয়েছেন। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

ছয় কাউন্সিলর হলেন তানভীর আহমেদ, মো. শফি উদ্দিন, শেখ মো. আলেক, মো. হান্নান মিয়া ওরফে হানু, মো. শহীদুল ইসলাম ও ফয়সাল আহমেদ সরকার। এই ছয় কাউন্সিলর বিএনপি-সমর্থক।

আদালতে ছয়জনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। আইনজীবী মো. আবু হানিফ প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতে তাঁদের জামিন নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে আপিল করে জামিন চাওয়া হয়। হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় কাউন্সিলরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর থানার চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানসহ কয়েকজন কাউন্সিলরের নাম উল্লখ করে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ।