নাশকতার মামলায় জড়ানোর হুমকি দিয়ে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) বৃদ্ধ এক কৃষক ও তাঁর ছেলের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই এএসআই এখন আরও এক লাখ টাকা আদায়ের জন্য চাপ দিচ্ছেন, তা না হলে নাশকতাসহ বিভিন্ন মামলায় আসামি করা হবে বলে হুমকি দিচ্ছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রামের কৃষক আবুল বাশার খান (৭০) ও তাঁর ছেলে স্ট্যাম্প বিক্রেতা ইমরান খানের (২২) বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। কিন্তু ধামরাই থানার এএসআই জুয়েল হোসেন ও মোল্লা আনোয়ার সাদাপোশাকে গত শনিবার রাত ১১টার দিকে গ্রামের বাড়ি থেকে বাশার ও ইমরানকে আটক করেন। পরে মাইক্রোবাসে তুলে ধামরাইয়ের কাওয়ালিপাড়া ও হাতকোড়া হয়ে কালামপুরে নিয়ে যান। এ সময় ওই দুই কর্মকর্তা বাশার ও তাঁর ছেলেকে বিভিন্ন নাশকতার মামলায় আসামি করার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশ তাঁদের স্থানীয় শোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার পরামর্শ দেন।
বাচ্চু মধ্যস্থতা করে চাঁদার টাকা এক লাখ ২৫ হাজারে নামিয়ে আনেন। কথা হয় রাতেই নগদ ২৫ হাজার টাকা দিতে হবে। বাকি এক লাখ টাকা বাচ্চুর মাধ্যমে পরের দিন দিতে হবে। বাশার ও তাঁর ছেলে রাজি হলে রাত দেড়টার দিকে দুই এএসআই তাঁদের ডাউটিয়া নিয়ে যান। ২৫ হাজার টাকা দিয়ে তাঁরা ছাড়া পান।
ইমরান খান বলেন, ‘আমাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তবু এএসআই জুয়েল ও মোল্লা আনোয়ার আমাদের ধরে নিয়ে নাশকতার মামলায় আসামি করার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তাঁরা আমাদের কোনো লোকজনের সঙ্গে যোগাযোগ করতে না দিলেও ইউপি সদস্য বাচ্চুর সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেন। এখন বাচ্চু বাকি এক লাখ টাকা দাবি করছেন। ওই টাকা দিতে না পারায় পুলিশ আবারও আটক ও মামলায় আসামি করার ভয় দেখাচ্ছে।’
বাচ্চু মিয়া বলেন, ‘আমার মধ্যস্থতায় এক লাখ ২৫ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিলে পুলিশ তাঁদের ছেড়ে দেয়। বাকি টাকার জন্য তাঁদের তাগিদ দেওয়া হচ্ছে।’
বাবা-ছেলেকে আটক করার কারণ জানতে চাইলে বাচ্চু মিয়া বলেন, আবুল বাশার ও তাঁর ছেলে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত নন। তাঁরা কোনো রাজনীতিও করেন না। তবু কেন আটক করা হয়েছিল জানা নেই।
এএসআই জুয়েল হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বারবার থানায় যেতে বলেন। টাকা নেওয়ার অভিযোগ স্বীকার বা অস্বীকার করেননি।
মোল্লা আনোয়ার বলেন, ‘দাদা, যা হইছে হইছে। আপনি বিচার কইরা দিয়েন।’ একপর্যায়ে তিনি দাবি করেন, নকল স্ট্যাম্প বিক্রির অভিযোগে ইমরানকে আটক করা হয়েছিল। কিন্তু স্ট্যাম্প না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।