নাশকতার মামলায় পৌর মেয়র কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ ইউএনওকে লাঞ্ছিত ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শেরপুরের শ্রীবরদীর পৌর মেয়র আবু সাঈদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশে আজ সোমবার দুপুরে আবু সাঈদ শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমীন বাদী হয়ে গত ১৬ এপ্রিল শ্রীবরদী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় মেয়র আবু সাঈদের বিরুদ্ধে ইউএনও হাবিবা শারমীনের ওপর হামলা, অশোভন আচরণ ও তাঁকে প্রাণনাশের হুমকি, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের দিন সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন শ্রীবরদী সদরে মেয়র আবু সাঈদ আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন কেন্দ্রে যান। বিষয়টি ইউএনও ও নির্বাহী হাকিম হাবিবা শারমীনের দৃষ্টি গোচর হলে তিনি (ইউএনও) মেয়র আবু সাঈদকে সরকারি গাড়ি ব্যবহার না করতে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ হাবিবা শারমীনের সঙ্গে অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে পথরোধ করে তাঁকে (ইউএনও) প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া ওই দিন অর্থাৎ গত ৩১ মার্চ রাতে শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের নির্বাচনে খামারদহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে মেয়র আবু সাঈদ সমর্থিত প্রার্থীর লোকজন প্রিসাইডিং কর্মকর্তা ও অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ইউএনও হাবিবা শারমীন কর্মকর্তাদের উদ্ধার করতে কেন্দ্রে যান। ইউএনও হাবিবা শারমীন ও অন্যান্য কর্মকর্তারা কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার পথে তাঁদের গাড়িতে হামলা করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং ইউএনও হাবিবা শারমীন ও গাড়ি চালক পিন্টু মিয়া আহত হন। পরে ইউএনওর সঙ্গে থাকা র‌্যাব ও পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মেয়র আবু সাঈদ জড়িত ছিলেন বলে মামলায় অভিযোগ করেন ইউএনও হাবিবা শারমীন।
এসব ঘটনার বিস্তারিত বিবরণ নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনকে অবহিত করেন ইউএনও হাবিবা শারমীন। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় আবু সাঈদকে সাময়িকভাবে বরখাস্ত করে। এ আদেশের বিরুদ্ধে মেয়র সাঈদ উচ্চ আদালতে রিট করলে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়। সেই সঙ্গে গত ১২ জুন উচ্চ আদালতে হাজির হয়ে মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের প্রার্থনা করলে আদালত ২০ জুনের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এদিকে আজ সোমবার আদালত চত্বরে মেয়র আবু সাঈদ তাঁর বিরুদ্ধে মামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্র মূলকভাবে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। তিনি ৩১ মার্চ নির্বাচনের দিন কাকিলাকুড়া ইউনিয়নে যাননি। এ ছাড়া ওই দিনের ঘটনায় দায়ের করা প্রথম মামলায়ও তাঁকে আসামি করা হয়নি বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রথম আলোয় ‘ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন: শ্রীবরদীর মেয়র বরখাস্ত, মামলা দায়ের ’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।