নাশকতার মামলায় বরখাস্ত মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নানের বিরুদ্ধে নাশকতার আরও একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে মান্নান ছাড়াও সিটি করপোরেশনের আওয়ামী লীগ ও বিএনপিপন্থী ১৫ কাউন্সিলরসহ অর্ধশত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
এম এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বলেন, গত ১৫ এপ্রিল দায়ের করা গাজীপুর সিটির চান্দনা-চৌরাস্তা এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ উদ্দিন গত ৫ জুলাই গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী পদক্ষেপের জন্য অভিযোগপত্রটি ২ আগস্ট বিশেষ ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হলে বিচারক আগামী ১৬ অক্টোবর আসামিদের হাজির ও অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য করেন।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, এ পর্যন্ত এম এ মান্নানের বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২৫টিতে তিনি জামিনে রয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় চান্দনা উচ্চবিদ্যালয়ের সামনে একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জয়দেবপুর থানার এসআই মো. আহাদুল ইসলাম একটি মামলা করেন। ঘটনার দিনই সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নান, তাঁর ভাই আবদুল কাদের, ভাতিজা ওয়াসিম, মান্নানের গাড়িচালক হাবিবুল্লাহসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় ওই ১০ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।