নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৬ কর্মীর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নাশকতার দায়ে বিএনপি ও জামায়াতের ১৬ কর্মীকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. ময়নুল হাসান ইউসুফ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজা মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১৩ জন পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তিনজন বিএনপির কর্মী, বাকি ১৩ জন জামায়াতের কর্মী।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মুসা কলিমুল্যাহ, একই গ্রামের ছামিউল ইসলাম, মতিয়ার পারভেজ, ইমতিয়াজ হোসেন, খাদেমুল ইসলাম, এনামুল হক, সাখাওয়াত হোসেন, সাবাকাত, শরিফ জাহান, এমরান, সোহরাব হোসেন, নয়া মিয়া, ফতেখা গ্রামের নুরুন্নবী মিয়া, জাহাঙ্গীর মিয়া, একই উপজেলার পূর্ব শিবরাম গ্রামের নবিনুর মিয়া ও হুরাভায়াখা গ্রামের আবদুল মান্নান।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা চালায়। ১ মার্চ উপজেলার ছাইতানতলা বাজারের তোজাম্মেল হক মার্কেটে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ছাইতানতলা গ্রামের সৈয়দ আবু নাসের বাদী হয়ে ১৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।