নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পল্টন থানার পুলিশ। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে ৭৮টি মামলা রয়েছে। এর আগে আরও ২৭ টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পাঁচটি মামলায় অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়েছে।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল আওয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান ও শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ মামলায় বরকত উল্লাহ, হাবিব-উন-নবী, মীর শরাফত আলী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, আকরামুল হাসান, ইসহাক সরকার, লোকমান হোসেন কবির, আলী রেজাউর রহমান, শহিদুল ইসলাম, লিয়ন হোসেন, ইমরান হোসেন ভূঁইয়াসহ ২০ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা করেছে পুলিশ।
মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালে ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও রাজউক ভবনের মধ্যবর্তী স্থানে বিএনপির অবরোধ চলাকালে বিআরটিসি বাসে যাত্রী হত্যার উদ্দেশে আসামিরা অগ্নিসংযোগ করে। এ ছাড়া আসামিরা আরও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বিআরটিসি বাসের চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন।