নাশকতার ১০০ মামলা সন্ত্রাসবিরোধী আইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় করা প্রায় ১০০ মামলা সন্ত্রাসবিরোধী আইনে নেওয়ার পূর্বানুমোদন দেওয়া হয়েছে। গত জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সূত্র জানায়, এসব মামলায় আসামি এক হাজারের বেশি। আসামিদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। এ ছাড়া চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার সব মামলাও সন্ত্রাসবিরোধী
আইনে নিতে অনুমোদন দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে। এ আইনে নাশকতার জন্য অর্থের জোগানদাতাদেরও বিচার করা যাবে।
এ অনুমোদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা দুর্বৃত্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়ার অনুমোদন দিচ্ছি। এ আইনে মামলা নেওয়ার উদ্দেশ্য হলো আসামিরা যাতে জামিন না পায় এবং ৬০ দিনের মধ্যেই বিচার শেষ হয়। সম্প্রতি যেসব নাশকতার ঘটনা ঘটছে, এর অধিকাংশই এ আইনে নিতে বলা হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া মামলাগুলোর প্রজ্ঞাপন পর্যালোচনায় দেখা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সহিংসতা, অন্যান্য সহিংসতা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, জননিরাপত্তা বিঘ্ন করা, বিএনপি ও জামায়াত-সমর্থিত ব্যক্তিদের সন্ত্রাসী কার্যকলাপ, পেট্রলবোমা তৈরি ইত্যাদি ঘটনায় নোয়াখালী, কুমিল্লা, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, নীলফামারীসহ বিভিন্ন জেলায় এসব মামলা হয়েছিল।
মন্ত্রণালয় সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি-জামায়াত জোটের সহিংসতার ঘটনায় করা মামলাগুলো সন্ত্রাসবিরোধী আইনে নিতে অনুমোদনের জন্য বিভিন্ন জেলা থেকে এখনো আবেদন পাঠানো হচ্ছে। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, গত এক বছর পুলিশ এ আইনে মামলা নিতে আগ্রহী ছিল না। তবে চলমান সহিংসতার কারণে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনার পর এ আইনে মামলার অনুমোদন দেওয়া শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০০ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। তাঁদের মতে, সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১৩-তে এ আইনে মামলার জন্য জেলা প্রশাসকের অনুমতির বিষয়টি (৪০ ধারা) বাদ দেওয়ায় পুলিশ সহজে এ মামলা করতে পারবে। এর ফলে নিরীহ মানুষও হয়রানির শিকার হতে পারেন।
সন্ত্রাসবিরোধী আইনের সংজ্ঞা ও শাস্তি সম্পর্কে গত ৬ ফেব্রুয়ারি একটি তথ্যবিবরণী দেওয়া হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলা জামিন অযোগ্য। এ আইনের মামলার বিচার হবে কম সময়ে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনের ৪০(১) ধারায় সংশোধনী আনা হয়। সংশোধনীতে বলা হয়, এ আইনের অধীনের অপরাধ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করে মামলা করে তদন্ত শুরু করতে পারবেন।
এ আইনের ২১ ধারায় বলা হয়েছে, কোনো সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেসবুক, স্কাইপ, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধ-সংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধ-সংশ্লিষ্ট স্থির ও ভিডিওচিত্র অপরাধের সাক্ষ্যপ্রমাণ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে এবং তা আদালতে গ্রহণযোগ্য হবে।
এ আইনের সংজ্ঞায় কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর জখম, আটক বা অপহরণের জন্য অপর কোনো ব্যক্তিকে প্ররোচিত করা; ব্যক্তি, সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতিসাধন করা বা করার ষড়যন্ত্র করা; অথবা উদ্দেশ্যসাধনে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও দাহ্য পদার্থ বহন বা ব্যবহার করলে তা সন্ত্রাসী কাজ হিসেবে বিবেচিত হবে। দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে কোনো কাজ করতে প্ররোচিত করা বা ষড়যন্ত্রে লিপ্ত হওয়া সন্ত্রাসী কাজ বলে বিবেচিত হবে। যদি কোনো ব্যক্তি বা বিদেশি নাগরিক এ ধারার অধীন কোনো অপরাধ করেন, তবে তিনি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
২০ ধারার সংশোধনীতে বলা হয়েছে, ১৮ ধারা অনুযায়ী কোনো সংগঠন নিষিদ্ধ হলে সরকার সেই সংগঠনের কার্যালয় বন্ধ করতে এবং ব্যাংক হিসাব জব্দ করতে পারবে। নিষিদ্ধ সংগঠনের পক্ষে বা সমর্থনে কোনো ধরনের বিবৃতি, প্রচারণা, প্রকাশনা বা বক্তৃতা দেওয়া যাবে না। ১৮ ধারা অনুযায়ী সরকার যুক্তিসংগত কারণের ভিত্তিতে যেকোনো সংগঠনকে সন্ত্রাসী কাজে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ করতে পারবে।
যেসব মামলা সন্ত্রাসবিরোধী আইনে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর কয়েকটি উল্লেখ করা হলো:
চাঁদপুর: গত বছরের ১৬ মে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আজম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে নিতে অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশের অভিযোগ, ফরিদগঞ্জ ইসলামী ট্রাস্ট গঠিত আদর্শ একাডেমির অফিসে এই আসামিরা যুদ্ধাপরাধীদের মামলার রায় ঘোষণার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করার প্রস্তুতি নিচ্ছিল। আসামিদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. হেলাল উদ্দিন ও কয়েকজন সদস্য রয়েছেন। চাঁদপুর শহর শাখা জামায়াতের সভাপতি শাহজাহান বলেন, আটক সবাই ছাত্র ও শিবিরের সদস্য। তারা ওই ঘরে কোচিং করছিল। তবে আদর্শ একাডেমি স্কুলের একজন শিক্ষক বলেন, আটক কেউ ওই একাডেমির ছাত্র নয়। তারা ওই কক্ষে শিবিরের বৈঠকে মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় ২০১৩ সালের ৯ অক্টোবর করা মামলায় আসামিদের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য বলে এজাহারে উল্লেখ করা হয়। আসামি সুবহাননগর কলোনির মো. ইব্রাহীম, সাদেকুল ইসলাম ও মাস্টারপাড়ার ফারিকুল ইসলাম জামিনে রয়েছেন। এ মামলাও সন্ত্রাসবিরোধী আইনে নিতে অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম পল্লি চিকিৎসক (দন্ত)। তাঁদের পরিবার বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। অপর দুই আসামি সাদেকুল ও ফারিকুলের পরিবার জামায়াত-সমর্থক। তবে তাঁরা সক্রিয় রাজনীতিতে জড়িত নন। গ্রেপ্তারের কিছুদিন আগে রহনপুর ইউসুফ আলী কলেজ প্রাঙ্গণে একটি ইসলামি জলসা আয়োজনের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন। ওই জলসায় প্রধান বক্তা ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রহমানী। ফারিকুল প্রথম আলোকে বলেন, ‘আমরা তখন জানতাম না জসীমউদ্দিন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান।’
কুমিল্লা: কুমিল্লার ২০টি মামলা সন্ত্রাসবিরোধী আইনে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ এ ব্যাপারে ব্যবস্থা নিতে কুমিল্লার পুলিশ সুপারকে চিঠি দেন। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ১২ ফেব্রুয়ারি জেলার সংশ্লিষ্ট থানাগুলোতে এ ব্যাপারে ব্যবস্থা নিতে চিঠি দেন। ইতিমধ্যে এসব মামলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এর মধ্যে বরুড়া থানায় ২০১৩ সালের ২৭ অক্টোবর করা একটি মামলার প্রধান আসামি উপজেলার আড্ডা গ্রামের বিএনপির নেতা মহিবুল্লাহ। এ মামলার অপর ছয় আসামিও একই দলের নেতা-কর্মী। মামলায় বলা হয়েছে, আসামিরা সন্ত্রাসী কার্যকলাপ করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী বলেন, হরতালে পিকেটিং করতে গেলে দলীয় নেতা-কর্মীদের নামে মামলাগুলো করা হয়েছিল। এঁরা কেউ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জডিত নন।
এসব মামলায় বিএনপির যেসব নেতার নাম রয়েছে তাঁদের বেশির ভাগ আত্মগোপনে রয়েছেন, তাঁদের মুঠোফোনও বন্ধ। ফলে তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।
ফেনী: গত বছরের ১১ জানুয়ারি পেট্রলবোমা উদ্ধারের ঘটনায় জেলার দাগনভূঞা থানায় বোরহান উদ্দিনের বিরুদ্ধে করা মামলাটিও সন্ত্রাসবিরোধী আাইনে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি কারাগারে আছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, বোরহান স্থানীয় সিলোনিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। পুলিশ তাঁর ঘর থেকে চারটি পেট্রলবোমা উদ্ধার করে।
স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মামুনুর রশিদ জানান, ‘যতটুকু জেনেছি, এই বোরহান ষড়যন্ত্রের শিকার।’ তিনি জানান, বোরহান নামে এলাকায় একজন শিবির নেতা রয়েছেন। এ ক্ষেত্রে নামবিভ্রাটও হতে পারে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অনেক আগের, তিনি তখন ছিলেন না। তাই এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর থানার একটি মামলায় ২০১৪ সালের ৭ মে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন চিরিরবন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নশরতপুর ইউপির চেয়ারম্যান নূর এ আলম সিদ্দিকী। চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান জানান, আসামিদের সবাই জামায়াত, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
নূর এ আলম জানান, চারদলীয় জোট সরকারের আমলে তিনি এলাকায় ঠিকাদারি করতেন। সন্ত্রাস, নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট ৩১টি মামলা রয়েছে।
বিরল উপজেলার মামলায় তিন আসামির মধ্যে আছেন উপজেলা শিবিরের সভাপতি মো. তাজমুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার এসআই মো. শরিফুল ইসলাম জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক ছবিসংবলিত পোস্টার লাগানোর সময় ওই তিনজনকে হাতেনাতে ধরা হয়। তিনজনই জামিনে আছেন।
নোয়াখালী: নোয়াখালীর যেসব মামলা সন্ত্রাসবিরোধী আইনে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে একটি সেনবাগ থানার। এতে আসামি জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক আবদুল কাদের, মোশারফ হোসেন ও মিজানুর রহমানসহ অজ্ঞাত দুই-তিনজন।