নাশকতার ৪৪ মামলায় আমানের জামিন নামঞ্জুর
নাশকতার ৪৪ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। গতকাল বুধবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এসব আবেদন নাকচ করেন।
২ আগস্ট মামলাগুলোতে উচ্চ আদালতের নির্দেশে আমান উল্লাহ মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন তিনি। গতকাল শুনানি শেষে আদালত তা নাকচ করেন।
৯ জুলাই হাইকোর্ট আমান উল্লাহকে ৪২টি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে নয়টি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে একটি মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন। ওই আদেশ বাতিলের জন্য আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২৭ জুলাই আপিল বিভাগের বেঞ্চ ওই জামিন বাতিল করেন।