নাশকতায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৬ দিনেও সংস্কার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট রেলপথের সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জলকরকান্দির রেলসেতুর পুড়ে যাওয়া আটটি স্লিপারের স্থানে নতুন স্লিপার লাগানো হয়নি। এ কারণে এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। ২৬ দিন আগে জামায়াত-শিবিরের ডাকা হরতাল চলাকালে এ সেতুর পাঁচটি স্লিপারের অর্ধেক এবং তিনটির আংশিক পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, সিলেট থেকে রেলসেতুতে ওঠার মুখে পাশাপাশি তিনটি এবং মাঝখানে দুটি ও শেষে তিনটি কাঠের স্লিপার পোড়া। পোড়া স্লিপারসহ আরও নয়টি স্লিপার থেকে ক্লিপ খুলে ফেলা হয়েছে। সেতু এলাকার বাসিন্দারা জানান, গত ২৭ মার্চ হরতাল চলাকালে ভোরে আগুন দেখে রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়।রেলওয়ে সিলেট কার্যালয়ের প্রকৌশলী (পথ) বাকিয়াত উল্লাহ জানান, ২৭ মার্চ সকালে ওই সেতুতে আগুন দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেতুর আটটি কাঠের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৫টি ক্লিপ খোয়া গেছে। এগুলো অপসারণ করে নতুন স্লিপার বসাতে একটি পরিকল্পনা জরুরিভিত্তিতে অনুমোদিত হয়েছে। সরঞ্জামগুলো পেলেই কাজ শুরু হবে। প্রায় এক মাসেও সরঞ্জাম পাওয়া গেল না কেন—এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী বলেন, ‘শ্রীমঙ্গল থেকে স্লিপার আনা হবে। আশা করি, আজ-কালের মধ্যে এগুলো পৌঁছাবে এবং ঘণ্টা খানেকের মধ্যে পুনঃস্থাপনের কাজ শেষ হবে।’মোগলাবাজারের আশিক আহমদ জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে আগুন দেওয়া হয়েছিল। ওই দিন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর পর থেকে সেতু দিয়ে আবার ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু স্লিপার পুড়ে যাওয়ায় সেতুর ওপর দিয়ে ট্রেন ধীরগতিতে চলাচল করে।সিলেট রেলস্টেশন সূত্রে জানা গেছে, মোগলাবাজারে ওই সেতু ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ পথ দিয়েই ঢাকা ও চট্টগ্রামগামী আন্তনগরসহ সব লোকাল ট্রেন চলাচল করে। সিলেটের স্টেশনমাস্টার মুহিবুর রহমান জানান, ওই রেলসেতু দিয়ে চলাচলের ক্ষেত্রে চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তবে চলাচলের ক্ষেত্রে বড় ধরনের কোনো ঝুঁকি নেই।