নাশকতায় চট্টগ্রাম থেকে সরবরাহ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ-হরতালে নাশকতার ভয়ে লুব্রিক্যান্ট ও এলপি গ্যাস সরবরাহে অনীহা দেখাচ্ছেন পরিবহন ঠিকাদারেরা। এতে চট্টগ্রাম থেকে সারা দেশে এসব পণ্য চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না সরকারি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
তেল বিপণন কোম্পানি সূত্র জানায়, সময়মতো এসব সামগ্রী পৌঁছাতে না পারায় বিভিন্ন ডিপোতে লুব্রিক্যান্টস ও গ্যাসের সিলিন্ডারের মজুত কমে গেছে। ফলে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় প্রয়োজনমতো লুব্রিক্যান্টস সরবরাহ করা যাচ্ছে না। আর সরকারি সিলিন্ডার না পেয়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ গ্রাহক।
সরকারি তিনটি তেল বিপণনকারী কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার পক্ষে চট্টগ্রাম থেকে সারা দেশে এলপি গ্যাসের সিলিন্ডার ও লুব্রিক্যান্ট পরিবহনের দায়িত্বে আছে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিপিসি জানায়, দেশের বিভিন্ন ডিপো ও স্থাপনায় জ্বালানি তেল পাঠানোর প্রধান মাধ্যম নৌ ও রেলপথ। ফলে চলমান রাজনৈতিক অস্থিরতায় জ্বালানি তেল সরবরাহে তেমন সমস্যা হচ্ছে না। কিন্তু গ্যাসের সিলিন্ডার ও লুব্রিক্যান্ট সরবরাহ করা হয় সড়কপথে। জানুয়ারি থেকে যানবাহনে নাশকতা শুরু হওয়ায় পরিবহন ঠিকাদারেরা এসব স্পর্শকাতর পণ্য পরিবহনে অনীহা দেখাতে শুরু করে।
পদ্মা ও যমুনা অয়েলের লুব্রিক্যান্ট পরিবহনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আবু তালেব অ্যান্ড ব্রাদার্সের অংশীদার জসিমউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘চুক্তি অনুযায়ী কোনো পণ্যের ক্ষতি হলে পণ্যের দামসহ জরিমানা দিতে হবে। হরতাল-অবরোধে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছে পরিবহন খাত। পুলিশি পাহারার মধ্যেও অনেক জায়গায় হামলা হয়েছে। এই অবস্থায় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? সে কারণে আমরা মালামাল পরিবহনে আগ্রহী না। তার পরও কোম্পানির অনুরোধে কিছু কিছু পণ্য পরিবহন করছি।’
বিপিসির হিসাবে, তিনটি সরকারি তেল বিপণন কোম্পানির মাধ্যমে গড়ে প্রতি মাসে এক হাজার মেট্রিক টনের বেশি গ্যাসের সিলিন্ডার ও লুব্রিক্যান্টস চট্টগ্রাম থেকে সারা দেশে সরবরাহ করা হয়। এতে মাসে গড়ে দুই শ ট্রাকের বেশি দরকার। কিন্তু রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ায় তাদের সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
মেঘনা পেট্রোলিয়াম সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতি মাসে গড়ে ৬০ ট্রাক লুব্রিক্যান্ট ও ১২ ট্রাক গ্যাস সিলিন্ডার তারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। কিন্তু জানুয়ারি থেকে গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাত্র ১৮ ট্রাক লুব্রিক্যান্ট ও সাত ট্রাক গ্যাসের সিলিন্ডার সড়কপথে পাঠাতে পেরেছে। তবে জরুরি প্রয়োজন থাকায় নৌপথে ও বক্স ওয়াগনের মাধ্যমে অল্প কিছু মালামাল সেনাবাহিনী ও কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের জন্য পাঠানো হয়েছে।
মেঘনা পেট্রোলিয়ামের মহাব্যবস্থাপক (বিপণন) মীর ছাইফুল্লাহ আল খালেদ প্রথম আলোকে জানান, বিভিন্ন ডিপোতে পর্যাপ্ত মজুত থাকায় জানুয়ারি মাসে এসব পণ্যের ঘাটতি দেখা যায়নি। কিন্তু ফেব্রুয়ারিতে নিয়মিত মালামাল পাঠাতে না পারায় কিছু জায়গায় সমস্যা হয়েছে।
এ বিষয়ে মেঘনায় পরিবহন সরবরাহের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স আইয়ুব অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. আইয়ুব বলেন, ‘স্পর্শকাতর পণ্য হওয়ায় ট্রাকমালিকেরা ঝুঁকি নিতে চাচ্ছেন না। সে কারণে আমরাও চাহিদা অনুযায়ী পরিবহন জোগাড় করতে পারছি না। বিশেষ করে উত্তরাঞ্চলে নাশকতা বেশি হওয়ায় মালিকেরা সেখানে ট্রাক পাঠাতে চান না।’
তেল বিপণন কোম্পানি সূত্র জানায়, পদ্মা অয়েল কোম্পানির পরিবহন ঠিকাদার লিখিতভাবে মালামাল পরিবহনে অনিচ্ছার কথা জানিয়েছে।
সরবরাহ স্বাভাবিক রাখতে তেল বিপণন কোম্পানিগুলো ১০ ফেব্রুয়ারি মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন কার্যালয়ে বৈঠক করে। এরপর ১১ ফেব্রুয়ারি পদ্মা ও যমুনা এবং ১৫ ফেব্রুয়ারি মেঘনা বিপিসির কাছে সহায়তা চেয়ে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি বিজিবি ও সব বিভাগীয় পুলিশ কমিশনারকে চিঠি দেয় বিপিসি।
পরিবহনসংকটে মালামাল সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা প্রথম আলোকে বলেন, ‘পরিবহনে সহায়তা চেয়ে গত সপ্তাহে বিজিবি ও সব বিভাগীয় পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের সহায়তায় ইতিমধ্যে আমরা কিছু পণ্য পাঠাতে শুরু করেছি। আশা করছি, অল্প দিনেই সমস্যা মিটে যাবে।’