নাশকতায় জড়িত থাকলে খালেদা জিয়ারও বিচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জড়িত থাকলে সরকার তাঁরও বিচার করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় প্রকাশের দিন যত ঘনিয়ে আসছে, পাকিস্তানি এজেন্ট হিসেবে জামায়াতে ইসলামী ততই সহিংস হয়ে উঠছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এর সঙ্গে খালেদা জিয়াও যদি জড়িত থাকেন, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সরকার তাঁরও বিচার করবে।’বিরোধী দলের ডাকা হরতালের প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা গতকাল সকাল থেকেই মিছিল করে বঙ্গবন্ধু এভিনিউয়ে জমায়েত হতে থাকেন। দুপুরের আগে এটি প্রায় সমাবেশে রূপ নেয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল ব্যর্থ হয়েছে দাবি করে হানিফ বলেন, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে, অফিস-আদালত স্বাভাবিকভাবে চলছে। শুধু স্কুল বন্ধ রাখা হয়েছে, যাতে শিশুরা সহিংসতার মধ্যে না পড়ে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের গ্রেপ্তারের বিষয়ে হানিফ বলেন, ‘কোনো দলের মহাসচিবও যদি অপরাধ করেন, খুন করেন, তবে তাঁকে কি গ্রেপ্তার করা যাবে না? কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে।’এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।