বিদ্যুৎ আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
নাশকতায় বিদ্যুতের স্থাপনা নষ্ট করলে সর্বোচ্চ ১০ বছর জেল
>* তিন বাহিনীর প্রধানেরা নিয়োগ পাবেন চার বছরের জন্য
* ২ ফেব্রুয়ারিকে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ ঘোষণা
নাশকতা করে বিদ্যুতের স্থাপনা নষ্টের জন্য কঠোর শাস্তির বিধান করা হচ্ছে। কেউ এই অপরাধ করলে কমপক্ষে ৭ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আসছে।
বিদ্যুৎ আইন, ২০১৭-এর খসড়ায় কঠোর এই শাস্তির বিধান নতুন করে যুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত বছরের আগস্টে আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। বিদ্যমান বিদ্যুৎ আইনটি ১৯১০ সালের। ওই আইনে নাশকতার জন্য কোনো সাজার বিধান নেই।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান। নাশকতার ব্যাখ্যা করে তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, বিদ্যুতের লাইন, খুঁটি বা অন্য কোনো যন্ত্র নাশকতার মাধ্যমে ভাঙলে বা ক্ষতিগ্রস্ত করলে বা বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহের লাইন বা যন্ত্রের ওপর কোনো বস্তু নিক্ষেপ করলে বা রাখলে তা অপরাধ হবে।
প্রস্তাবিত আইনে বিদ্যুতের লাইসেন্সের সঙ্গে জড়িত সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনা হয়েছে। খসড়াটি আইনে পরিণত হলে কোনো কর্মকর্তা সরবরাহ এলাকার বাইরে বিদ্যুৎ সরবরাহসহ আইনের অন্যান্য বিধান লঙ্ঘন করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করতে হবে। বর্তমানে কর্মকর্তাদের শাস্তির বিধান নেই।
ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ চুরির অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড বা চুরি করা বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অপরাধের জন্য পাঁচ বছরের কারাদণ্ড বা চুরি করা বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এভাবে বিভিন্ন অপরাধের জন্য শাস্তি ও জরিমানা রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে সমন্বয়ের ভিত্তিতে দেশের বিদ্যুৎব্যবস্থা পরিচালনা করতে ‘ইনডিপেনডেন্ট সিস্টেম অপারেটর’ নামে একটি নতুন প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে।
তিন বাহিনীর প্রধানদের নিয়োগ হবে চার বছরের জন্য
বৈঠকে ‘প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৭’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিরক্ষা বাহিনীর (সেনা, বিমান ও নৌবাহিনী) প্রধানেরা চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। তাঁদের বেতন হবে ৮৬ হাজার টাকা। তবে বিদ্যমান ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও তাঁরা পাবেন।
এই আইন করার ব্যাখ্যা দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী বাহিনীর প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা আইন দিয়ে নির্ধারিত হওয়ার কথা। এত দিন জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশনস (জেএসআই) নামে একটি সার্কুলার দিয়ে এটা চলত। যেহেতু সংবিধানের বাধ্যবাধকতা আছে, সেহেতু আইন প্রণয়ন করা হচ্ছে।
গত বছরের ১২ ডিসেম্বর মন্ত্রিসভা এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়। তখন বলা হয়েছিল, তিন বাহিনীর প্রধান পদে চাকরির সর্বোচ্চ মেয়াদ চার বছর হচ্ছে। বাহিনীপ্রধানের পদে যোগদানের তারিখ থেকে একসঙ্গে বা বর্ধিত মেয়াদে এই চার বছর নির্ধারিত হবে।
গতকালের বৈঠকে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ও খ্রিষ্টধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ২ ফেব্রুয়ারিকে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ ঘোষণা করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।