নাশকতায় বিপর্যস্ত যোগাযোগ

জামায়াত-শিবিরের নাশকতা ও তাণ্ডবে দেশের সড়ক যোগাযোগব্যবস্থা প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্তত ২০টি জেলার সঙ্গে গতকাল শুক্রবার রাজধানী ঢাকা বা অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিভিন্ন জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও ব্যাহত হয়।
জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর গত বৃহস্পতিবার রাত থেকে এই তাণ্ডব চালানো হয়। জামায়াত-শিবিরের কর্মীরা সড়কের দুই পাশের শত শত গাছ কেটে, সড়কে গর্ত করে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেন। কোথাও বেইলি সেতুর পাটাতন তুলে ফেলা হয় আবার কোথাও কালভার্টের মুখের মাটি খুঁড়ে ফেলা হয়।
প্রথম আলোর পাওয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, রংপুর ও কক্সবাজার—এই পাঁচ জেলার অন্তত ৭০ কিলোমিটার এলাকায় বেশি তাণ্ডব হয়েছে। জামায়াত-শিবিরের অবরোধের মুখে ও তাণ্ডবে চাঁদপুর-লক্ষ্মীপুর, নোয়াখালী-ফেনী, চট্টগ্রাম-কক্সবাজার, যশোর-খুলনা মহাসড়কসহ অনেক আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় শত শত গাছ কেটে ও সড়ক কেটে অবরোধ সৃষ্টি করেন জামায়াতের কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের প্রায় ১০ কিলোমিটারজুড়ে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে অবরোধ করায় সোনামসজিদ স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছের গুঁড়ি ফেলে চাঁপাইনবাবগঞ্জ-নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কও বন্ধ করে দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক অবরোধের কারণে ঘটনাস্থলে যেতে না পারায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যায়নি।
নোয়াখালী-ফেনী সড়ক তিন দিন ধরে বন্ধ। গতকাল সকালেও সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গাছ পড়ে ছিল। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জের সেতুভাঙ্গা থেকে ছমির মুন্সীরহাট পর্যন্ত এলাকার কিছু গাছ অপসারণ করা হলেও রাতে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর আরও গাছ কেটে সড়কটি বন্ধ করে জামায়াত-শিবির।
স্থানীয় লোকজন জানান, সেনবাগের ছমির মুন্সীরহাট, কল্যান্দী বাজার, মোহাম্মদপুর, ভূঁইয়ার দীঘি ও সেবারহাট এবং ফেনীর দাগনভূঁইয়ায় বৃহস্পতিবার রাতে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। এ ছাড়া সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও চাটখিল উপজেলার বেশির ভাগ স্থানীয় সড়ক গাছ কেটে বন্ধ করে দেওয়া হয়।
নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ফেনী-নোয়াখালী মহাসড়কের গাছগুলো অপসারণে পুলিশ, বিজিবি ও বন বিভাগের লোকজন কাজ করছেন। অন্যান্য সড়কের গাছ অপসারণে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিনের দাবি, তাঁদের দলের নেতা-কর্মীরা সড়কের গাছ কাটার সঙ্গে জড়িত নন।

সিরাজগঞ্জে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার বালাসাবাড়ী থেকে বোয়ালিয়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় শত শত গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দুটি সেতুর পাটাতন তুলে ফেলা হয়। বিজিবি ও পুলিশের সদস্যরা দুপুরে গাছগুলো সরিয়ে ফেলেন। রায়গঞ্জ উপজেলার ধানগড়া-চান্দাইকোনা, ধানগড়া-ব্রহ্মগাছা, ধানগড়া-পাঙ্গাসী ও ধানগড়া-রায়গঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে অবরোধ করা হয়। কাটা গাছগুলো সকালে লোকজন নিয়ে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
পাবনা-ঢাকা মহাসড়কে দুপুরে পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু একপর্যায়ে পুলিশ পিছু হটলে জামায়াত-শিবিরের কর্মীরা মহাসড়কের মধুপুর থেকে রাজাপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে গাছ কেটে, গুঁড়ি ফেলে ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, পুলিশ এক দিকের সড়ক পরিষ্কার করলে অন্যদিকে আবার আটকে দেওয়া হচ্ছে।
নীলফামারী-জলঢাকা সড়কের দুহুলী সেতু, কচুকাটা সেতু ও নীলফামারী-ডোমার সড়কের হরীতকীতলা বেইলি সেতুর কয়েকটি পাটাতন তুলে ফেলে জামায়াত-শিবির। এতে জেলা সদরের সঙ্গে জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার ও ডিমলা উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। রামগঞ্জ সেতুর গোড়ায় গর্ত করায় বন্ধ হয়ে যায় সদরের রামগঞ্জ-লক্ষ্মীচাপ সড়ক।
রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা সেতুর দক্ষিণ দিক থেকে পায়রাবন্দ, চুহড়, গড়ের মাঠ, জায়গীরহাট, মিঠাপুকুর বাজার, আল ফারুক ইনস্টিটিউট ও শঠিবাড়ি বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কের দুই পাশের তিন শতাধিক গাছ কেটে ফেলে জামায়াত-শিবির। এতে বন্ধ হয়ে যায় রংপুর থেকে বগুড়া, গাইবান্ধা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জগামী যান চলাচল। সকালে জনতার সহায়তায় পুলিশ গাছগুলো অপসারণ করে। কিন্তু বগুড়ার মোকামতলায় রাস্তা কেটে দেওয়ায় রংপুর থেকে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়ক কেটে ও গাছের গুঁড়ি ফেলে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দেন জামায়াতের কর্মীরা।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন স্থানে ১৫-২০টি বিশাল গাছ ফেলে অবরোধ করে রাখেন। এতে চাঁদপুরের সঙ্গে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের খাইল্যার পোল, ফিশ হ্যাচারি ও জনতা বাজারসহ সাত-আটটি স্থানে রাস্তা কেটে দেওয়ায় যান চলাচল বন্ধ থাকে।
নিরাপত্তার অভাবে দিনাজপুরের সব পথে বাস চলাচল বন্ধ রেখেছেন বাসমালিক ও শ্রমিকেরা। দিনাজপুর মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জানান, দিনাজপুর-পঞ্চগড়, দিনাজপুর-রংপুর, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক ছাড়াও জেলার অভ্যন্তরীণ সব সড়কে জামায়াত-শিবির গাছ কেটে ফেলে রেখেছে। তারা অস্ত্র হাতে মহড়া দেওয়ায় আট দিন ধরে এই অচলাবস্থা চলছে।
রাজশাহী নগরের খড়খড়ি বাইপাসের বৃহস্পতিবার রাতে একাধিক স্থানে গাছ কেটে অবরোধ করা হয়। সকালে গাছগুলো সরিয়ে নেয় পুলিশ।
জামায়াত-শিবিরের কর্মীরা টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা এলাকায় নির্মাণাধীন লালব্রিজ সেতু এবং সেখান থেকে ১০ কিলোমিটার দূরে উখিয়ার হিজলিয়ায় আরেকটি সেতুর পাত তুলে ফেলেন। এ ছাড়া ওই সড়কের হিজলীয়া, থাইংখালী ও জামতলীর দুই পাশের ৪৫টির বেশি গাছ কেটে ফেলা হয়। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার ও কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল।
উখিয়া থানার ওসি মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, বেলা তিনটার দিকে সড়ক থেকে গাছের গুঁড়ি অপসারণ করলেও সেতুর পাত তুলে ফেলায় যান চলাচল বন্ধ রয়েছে।
মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার-কালারমারছড়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় জামায়াত-শিবির। কয়েকটি কালভার্টের রেলিংও ভেঙে দেওয়া হয়।
যশোর-সাতক্ষীরা সড়কের সতিঘাটা ও যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখায় দুপুর পর্যন্ত যান চলাচল করতে পারেনি। যশোর-বেনাপোল সড়কে অন্তত ছয় কিলোমিটার এলাকা গাছ ফেলে অবরোধ করা হয়। সড়কের দুই পাশে পণ্যবাহী কয়েক শ ট্রাক আটকা পড়ে। পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় গাছ অপসারণ করলে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাট-পাহাড়পুর সড়কের তেঁতুলতলী, হিচমী-মাধাইনগর এবং পাইকরতলী-হিচমী সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। হেলকুন্ডায় ভেঙে ফেলা হয়েছে একটি কালভার্ট।
এ ছাড়া লক্ষ্মীপুর, কুড়িগ্রামসহ আরও বেশ কয়েকটি জেলায় সড়কে নাশকতার খবর পাওয়া গেছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট জেলার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।]