নাশকতায় মদদ দিলে ব্যবস্থা: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

নাশকতায় বিরোধী দলের যেসব নেতা মদদ দেবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, ‘সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। এতে বিরোধী দলও অংশ নেবে বলে আমি আশা করি। নির্বাচন ঠেকানোর সুযোগ, অধিকার ও সক্ষমতা কারও নেই।’
বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার পর্যাপ্ত সময় আছে কি না—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘অবশ্যই। বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেও এখন দেশবাসীর সঙ্গে ধোঁকাবাজি করছে। জনগণ বিরোধী দলের নাশকতা চায় না। তারা নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে। আজকের স্বাভাবিক জীবনযাত্রা তারই প্রমাণ।’
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।