নাশকতায় রেলের ক্ষতি ১০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যক্রম ও নাশকতায় রেলওয়ের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।
মাহমুদ উস সামাদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৪ কোটি টাকা এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দ্রুত রেলের ডাবল লাইন চালু করা হবে। আবদুল মতিন খসরুর সম্পূরক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, কুমিল্লা থেকে দাউদকান্দি হয়ে ঢাকা পর্যন্ত এলিভেটেড রেলওয়ে চালুর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ জন্য তহবিল খোঁজা হচ্ছে। এটি চালু হলে ট্রেনে কুমিল্লা থেকে ঢাকা আসতে দুই ঘণ্টা সময় কম লাগবে।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে ১৮-দলীয় জোটের নাশকতার কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের আনুমানিক ১১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার টাকা ও বিআরটিসির আনুমানিক ৫৮ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকার ক্ষতি হয়েছে।’