নাশকতায় সড়কে ক্ষতি ৬৯ কোটি টাকার বেশি: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দণ্ডাদেশের বিরোধিতা করে বিএনপির নেতৃত্বাধীন জোটের নাশকতায় সড়ক যোগাযোগ খাতের ক্ষতি হয়েছে ৬৯ কোটি টাকারও বেশি। আজ সোমবার সংসদে মো. ইসরাফিল আলমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, অভিযুক্ত ব্যক্তিদের মুক্তির দাবি করা, ট্রাইব্যুনাল-ঘোষিত দণ্ডাদেশ কার্যকরে গৃহীত পদক্ষেপের বিরোধিতাকারী বিএনপির নেতৃত্বাধীন জোটের নাশকতা, জ্বালাও-পোড়াও ও জনবিচ্ছিন্ন কার্যক্রমের কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের আনুমানিক ১১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার টাকা ও বিআরটিসির আনুমানিক ৫৮ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকা ক্ষতি হয়েছে।
অপর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরও বলেন, ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে ১০০টি দ্বিতল ও ৫০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহের প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া-১ আসনের সাংসদ মো. রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থাত্ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনটি প্রকল্পের আওতায় চীন, কোরিয়া ও ভারত থেকে ২৭৫টি একতলা সিএনজি বাস, ২৫৫টি একতলা সিএনজিচালিত বাস, ২৯০টি দ্বিতল, ৫০টি আর্টিকুলেটেড ও ৮৮টি একতলা এসি বাসসহ মোট ৯৫৮টি বাস সংগ্রহ করা হয়েছে।