নাশতা আনতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র মনির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে দুর্ঘটনা কেড়ে নিল আরেকটি শিশুর প্রাণ। গতকাল রোববার সকালে ভাইয়ের দোকানে নাশতা আনতে গিয়ে বাসচাপা পড়েছে ডেমরার কোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মনির হোসেন (১৩)।পুলিশ ও নিহত মনিরের পারিবারিক সূত্র জানায়, মনির হোসেনদের বাড়ি কোনাপাড়ার নূর মসজিদের গলিতে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মনির তার ভাই মিজানুর রহমানের চা-পুরির দোকান থেকে নাশতা আনতে বাঁশতলার সড়ক পার হচ্ছিল। এ সময় আনসার সদস্যদের বহনকারী একটি বাস মনিরকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। বাসটি দ্রুত ঢাকা নগরের দিকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সোয়া নয়টার দিকে তার মৃত্যু হয়।মনিরের বাবা কবির আহমেদ একজন ঢালাইশ্রমিক। তিন ভাই, এক বোনের মধ্যে সে তৃতীয়।