নাশতা খাওয়ার পর একই পরিবারের তিনজনের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে নাশতা খাওয়ার পর একই পরিবারের তিনজন মারা গেছেন। অসুস্থ হয়ে পড়েছেন ওই পরিবারের আরও তিন সদস্য।
তাৎক্ষণিকভাবে নিহত ও অসুস্থ ব্যক্তিদের নাম জানা যায়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা সঞ্জীব কুমার দাসের ভাষ্য, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাঁরা মারা গেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের ভাষ্য, বেলা ১১টার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের বাদামিয়া গ্রামের একটি পরিবারের ছয় থেকে সাতজন একসঙ্গে নাশতা করেন। তাঁরা সবাই রুটি খেয়েছিলেন। খাওয়ার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনজন মারা যান।
ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ ওই বাড়িতে গেছে। ঘটনার তদন্ত চলছে।