নাশতা খাওয়ার পর পোশাকশ্রমিকের মৃত্যু অর্ধশতাধিক অসুস্থ
গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকার একটি পোশাক কারখানায় গতকাল শনিবার নাশতা খাওয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে শাহিদা আক্তার (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানার পানি দূষিত। এই পানি পান করে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তবে চিকিৎসক বলছেন, শ্রমিকেরা গণমনস্তাত্ত্বিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষও শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শ্রমিক শাহিদা আক্তার আগে থেকেই অসুস্থ ছিলেন।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার ভোগড়া এলাকার ‘মাসট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওই কারখানার শ্রমিকেরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাশতা (টিফিন) খান। এরপর কারখানার নিজস্ব ট্যাংক থেকে সরবরাহ করা পানি তাঁরা পান করেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই পাঁচ-ছয়জন নারী শ্রমিক বমি করেন। একপর্যায়ে অর্ধশতাধিক শ্রমিক বমি করেন এবং অনেকেই মাথা ঘুরে পড়ে যান। পরে কারখানা কর্তৃপক্ষ এবং সুস্থ থাকা শ্রমিকেরা অসুস্থদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে নেওয়ার সময় কারখানার সুইং অপারেটর শাহিদা আক্তার মারা যান। পুলিশ দুপুরে তাঁর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কারখানার ব্যবস্থাপক শেখ তাহমিনা পারভিন দাবি করেন, দূষিত পানি পান করার কারণে তাঁর মৃত্যু হয়নি। সকাল আটটার দিকে কারখানায় ঢোকার সময় প্রধান ফটকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহিদা আক্তার। তাঁকে দেখে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
গাজীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, ‘ওই কারখানার ২৪ জন অসুস্থ শ্রমিক আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁরা সবাই মাস সাইকোজেনিক ইলনেসে (গণমনস্তাত্ত্বিকভাবে অসুস্থ) আক্রান্ত। প্রাথমিকভাবে পরীক্ষায় আমরা খাদ্যে বিষক্রিয়ার কোনো ঘটনা পাইনি।’
এদিকে খবর পেয়ে শিল্প পুলিশ অঞ্চল-২ (গাজীপুর)-এর পুলিশ সুপার আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং জয়দেবপুর থানা-পুলিশের কর্মকর্তারা ওই কারখানা পরিদর্শন করেন।
নিহত শাহিদার স্বজন ও একই কারখানার শ্রমিক দুলাল মিয়া জানান, শাহিদা হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্রোগের চিকিৎসা নিয়ে আসছিলেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ঘটনার পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে মাসট্রেড ইন্টারন্যাশনালসহ একই ভবনে থাকা অন্য পোশাক কারখানাগুলো ওই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।