নাশতা করা শেষে টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক দোকানদারকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক ও কর্মী বেলাল হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের ফুড কর্নার নামের ফাস্টফুডের দোকানে নাশতা করছিলেন। নাশতা করা শেষে দোকান মালিক নিজামউদ্দিন আলম তাঁদের কাছে আগের কিছু বকেয়াসহ সব টাকা পরিশোধ করতে বলেন। তবে তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আরিফ, জাকির ও বেলাল ওই দোকানে ভাঙচুর চালান।আরিফ বলেন, ‘আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ায় আমি তাকে হালকা মারধর করেছি।’ জহিরুল হক বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। ঘটনাটি শুনে সেখানে যাই। রাজনৈতিকভাবে হয়রানি করতে আমার নাম বলেছেন দোকানদার।’