নাসরীন হকের মৃত্যুরহস্যের জট খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক এনজিও অ্যাকশন এইডের বাংলাদেশ পরিচালক নাসরীন হকের মৃত্যুরহস্যের জট খোলেনি দীর্ঘ পাঁচ বছরেও। মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। গত বছর মে থেকে এ বছর মার্চ মাস পর্যন্ত বিভিন্ন সময় ছয়বার মামলাটির সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও বিচারকের অনুপস্থিতি, সময় চেয়ে বাদী ও অভিযুক্ত ব্যক্তির আবেদন প্রভৃতি কারণে তা হয়নি। অবশেষে গত ৭ এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এক রহস্যময় গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে অনেক অসমাপ্ত কাজ রেখে অকালে চলে যান নারীপক্ষের সদস্য ও মানবাধিকারকর্মী নাসরীন হক। ২০০৬ সালের এই দিনে ধানমন্ডি ৪/এ নম্বর সড়কের ৩৮ নম্বর অ্যাপার্টমেন্ট ভবনের নিচে দুর্ঘটনাটি ঘটে। সেদিন সকালে অফিসে যাবেন বলে ওই ভবনের নিচতলায় দাঁড়িয়ে থাকা অ্যাকশন এইডের গাড়িতে ওঠার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু গাড়িটি হঠাৎই চলতে শুরু করে এবং তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নাসরীন হক এবং ওই দিনই সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। পূর্বপরিকল্পিতভাবে এ দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন নাসরীনের পরিবারের সদস্যরা। নাসরীনের স্বামী নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রায় সব সরকারের সময়ই এ হত্যাকাণ্ডের মামলাটি আলোচিত মামলা হিসেবে বিবেচিত হয়েছে। বিভিন্ন প্রক্রিয়ায় দীর্ঘ সময় গেছে। এখন আমরা ন্যায়বিচার চাই।’ মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, ‘মামলাটি সাক্ষী পর্যায়ে আছে। আশা করা যাচ্ছে, মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে।’মামলার অগ্রগতি: প্রথমে নিছক দুর্ঘটনা ভাবলেও পরে নাসরীনের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করেন। ঘটনার ১০ দিন পর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরও ছয় দিন পর নাসরীন হকের স্বামী নূরুল ইসলাম ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড বলে ধানমন্ডি থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, এর পেছনে অ্যাকশন এইড বাংলাদেশের কোনো কর্মকর্তার হাত থাকতে পারে। তবে পুলিশ মামলাটি সরাসরি হত্যা হিসেবে ৩০২ ধারায় না নিয়ে দুর্ঘটনাজনিত হত্যা হিসেবে ৩০৪(খ) ধারায় গ্রহণ করে। মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি অ্যাকশন এইডের গাড়িচালক মো. জাকির হোসেনকে দোষী সাব্যস্ত করে (তাঁর অবহেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে) বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪(এ) ধারায় অভিযোগপত্র দাখিল করে সিআইডির তদন্ত দল। এরপর নাসরীনের মা কবি জাহেদা খানমের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালত মামলাটির অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন। নাসরীন হক স্মরণ কমিটির সমন্বয়ক আইনজীবী কামরুন নাহার প্রথম আলোকে বলেন, মামলাটির অধিকতর তদন্ত হয়েছে। কিন্তু একই তদন্ত দল বিডিআর হত্যাকাণ্ডের তদন্তকাজেও ব্যস্ত থাকায় দেড় বছর পর গাড়িচালককে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত করে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডি সম্পূরক অভিযোগপত্র দেয়। গত বছর ১৫ ফেব্রুয়ারি মামলাটির চার্জ গঠন করা হলে অভিযুক্ত ব্যক্তির জামিন বাতিল হয়। প্রায় আট মাস জেলহাজতে থেকে বর্তমানে তিনি জামিনে আছেন। নাসরীন হকের মেয়ে জামিলার বয়স এখন ছয় বছর। দুর্ঘটনার সেই মুহূর্তে দেড় বছরের শিশুকন্যা ছিল তাঁর কোলে। তবে তিনি মেয়েকে নিরাপদ দূরত্বে ছুড়ে দিতে পেরেছিলেন।জামিলা এটুকু জানে যে, তার মা এক দুর্ঘটনায় মারা গেছেন। স্কুলে মা দিবসে অন্য বন্ধুদের সঙ্গে সেও মায়ের জন্য ছবি এঁকে কার্ড বানিয়েছে। ছবিতে মায়ের প্রিয় বিড়ালটিকেও রেখেছে। কার্ডে ‘আই লাভ মাই মাদার’ কথাটি লেখা। নাসরীন হকের একটি ছবির নিচে কার্ডটি ঝোলানো। জামিলা নিজেই কবিতা লিখতে পারে। সে কবিতায়ও ঘুরেফিরে মা চলে আসেন। বাবা বকা দিলে বা দুপুরে একা থাকে যখন, তখনো মাকে মনে পড়ে বলে জানায় জামিলা। নারীর প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, নারী নির্যাতন প্রতিরোধ, স্তন ক্যানসার, তামাকবিরোধী আন্দোলন, শূকর চাষে প্রথম মুসলিম নারী, আদিবাসী, প্রতিবন্ধী, যৌনকর্মীদের অধিকার আদায়, এসিডদগ্ধ নারীদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখানো নাসরীন হকের জন্ম ১৯৫৮ সালে। ঢাকার হলিক্রসে স্কুলজীবন শুরু। তারপর বৃত্তি নিয়ে পড়তে যান যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পুষ্টিবিজ্ঞানে এমএ করেন। ব্র্যাক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং সবশেষে অ্যাকশন এইডে কর্মরত ছিলেন তিনি।