নাসাকাকে মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ৩৬ জন জেলে
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সদস্যরা বাংলাদেশি ৩৬ জেলের কাছ থেকে মুক্তিপণ হিসেবে সাড়ে সাত লাখ টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর তাঁরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে চারটি মাছ ধরার ট্রলারসহ ৩৬ জন জেলেকে ধরে নিয়ে যান। ২৯ অক্টোবর মুক্তিপণের টাকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।চারটি ট্রলারের মালিক টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার মুহিবুল্লাহ, পশ্চিমবাজার পাড়ার মো. কাসিম, ঘোলাপাড়ার শামসুল আলম ও হাকিম আলী অভিযোগ করেন, ৩৬ জেলেসহ চারটি ট্রলার ছেড়ে দেওয়ার ব্যাপারে নাসাকার সদস্যরা প্রথমে বাংলাদেশি এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকা দাবি করেন। ২৮ অক্টোবর সকালে ওই দালালের মাধ্যমে তাঁরা নাসাকার সদস্যদের মুক্তিপণ হিসেবে সাড়ে সাত লাখ টাকা দেওয়ার বিষয়ে রাজি করান। ২৯ অক্টোবর দুপুর ১২টায় চারটি ট্রলারে করে ৩৬ জেলে শাহপরীর দ্বীপে ফিরে আসেন।ট্রলার মালিকেরা জানান, ওই দালালের মাধ্যমে এভাবে মুক্তিপণ দিয়ে ৩৬ জেলেকে ফিরিয়ে আনা না হলে বছরের পর বছর তাঁদের সেখানে কারাভোগ করতে হতো। মুক্তিপণের বিষয়টি তাই প্রশাসনকে জানানো হয়নি।