নাসাকার বাধায় মিয়ানমার থেকে পশু আমদানি কমেছে
মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকার সদস্যদের বাধার মুখে বাংলাদেশে পশু আমদানি কমে গেছে। এতে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ কারণে টেকনাফ উপজেলার বিভিন্ন হাটবাজারে পশুর সংকট দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার জেলার একমাত্র করিডর টেকনাফের শাহপরীর দ্বীপে এক সপ্তাহ আগেও প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি করে গরু-মহিষ এসেছিল। এসব পশু কিনে নিয়ে ব্যবসায়ীরা কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সরবরাহ করেছিলেন। হঠাৎ করে সাগরে নাসাকা বাহিনীর বাধার মুখে গত ৫ অক্টোবর থেকে গরু-মহিষ আসা বন্ধ হয়ে গেছে। এর ফলে উপজেলার বৃহত্তম পশুর হাট টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হাটের দিন রোববার পশুর সংখ্যা কম দেখা গেছে। এই হাটে ৪০-৫০ হাজার টাকার দেশি গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। আর ছোট আকারের দুই থেকে আড়াই মণ ওজনের গরু-মহিষের দাম হাঁকা হচ্ছে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা।স্থানীয় পশু ব্যবসায়ী আহমদ হোসেন বলেন, ‘বাজারে মিয়ানমারের পশু না থাকায় স্থানীয় গরু, মহিষ, ছাগল চড়া দামে বিক্রি হচ্ছে। তাই উখিয়া, বালুখালী, বাংলাবাজার, রামু, চকরিয়া, পেকুয়াসহ বিভিন্ন হাট থেকে পশু এনে বিক্রয় করছি।’ শাহপরীর দ্বীপ করিডরের পশু ব্যবসায়ী মো. সাদেক, দেলোয়ার হোসেন, নুরুল হক ও মো. শহীদ বলেন, নাসাকার টহল ও বেপরোয়া গুলিবর্ষণের কারণে পাঁচ দিন ধরে গরু আনা যাচ্ছে না। তার পরও কয়েকটি ছোট নৌকা দিয়ে দৈনিক ২০-৩০টি করে পশু আসছে শাহপরীর দ্বীপ করিডরে। করিডরে প্রতিটি গরু-মহিষের বিপরীতে সরকারকে ৫০০ টাকা করে রাজস্ব দিতে হয়।কাস্টমস সূত্র জানায়, দেশে মাংসের চাহিদা পূরণ করতে সরকার ২০০৩ সালের ২৫ মে এই করিডরটি চালু করে। গত ৪ অক্টোবর পর্যন্ত দীর্ঘ নয় বছরে সরকার রাজস্ব আদায় করে প্রায় ১১ কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছরে সেপ্টেম্বর মাসে আট লাখ ১৪ হাজার ৩০০ টাকা এবং অক্টোবর মাসের (৪ তারিখ পর্যন্ত) দুই লাখ ৫১ হাজার ৫০০ টাকার রাজস্ব আদায় করা হয়।টেকনাফ শুল্ক স্টেশনের কাস্টমস সুপার কাজী আবুল হোসাইন বলেন, ‘জেলার একমাত্র শাহপরীর দ্বীপ করিডর দিয়ে কয়েক দিন আগে বেশ কিছু পশু আসছিল। এখন হঠাৎ করে পশু আসা বন্ধ হয়ে গেছে। শুনেছি, নাসাকার বেপরোয়া তৎপরতার কারণে পশু আমদানি কমে যাওয়ায় সরকারের রাজস্ব আয়ও কমে গেছে।’