নাসাকার হামলায় সাগরে ইলিশ ধরা বন্ধ
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার গুলিবর্ষণ, হামলা ও লুটপাটের কারণে এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন চ্যানেলে বাংলাদেশি জেলেরা ইলিশ ধরতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। জেলেরা বলছেন, নাসাকা ওই চ্যানেলটি নিয়ন্ত্রণে রেখে মিয়ানমারের জেলেদের সেখানে ইলিশ ধরার সুযোগ করে দিচ্ছে। ভুক্তভোগী জেলে ও ট্রলার মালিকেরা জানান, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে গভীর বঙ্গোপসাগর ও সেন্টমার্টিন চ্যানেলে বাংলাদেশের জলসীমায় পচাখালী বাতির দিয়া নামক স্থানে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত ২৫ মে দুপুরের দিকে নাসাকা তিনটি ট্রলারে করে এই চ্যানেলে ঢুকে বেপরোয়া গুলিবর্ষণ শুরু করে এবং অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের সাতটি ট্রলারকে তাড়িয়ে দেয়। এ সময় তারা টেকনাফের শাহপরীর দ্বীপের শামসু আলমের একটি ট্রলার আটক করে এবং আটজন মাঝিমাল্লাকে সাগরে নিক্ষেপ করে মাছ ও জালসহ ট্রলারটি লুট করে নিয়ে যায়। পরে অন্য একটি ট্রলারের জেলেরা ওই আটজন জেলেদের সাগর থেকে উদ্ধার করেন। শাহপরীর দ্বীপের ঘোলাপাড়ার মো. কালা জানান, দুই সপ্তাহ অগে একই এলাকায় মাছ ধরার সময় তাঁর একটি ট্রলার নাসাকা আটক করে নিয়ে যায়। পরে তাদের প্রায় তিন লাখ টাকা দিয়ে ট্রলারটি ছাড়িয়ে আনতে হয়েছে। এদিকে গত সোমবার সকালে নাসাকা শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় বাংলাদেশের জলসীমায় ঢুকে গুলিবর্ষণ করতে করতে তিনটি ট্রলারকে ধাওয়া করে। স্থানীয় মাছ ধরার ট্রলার মালিক সব্বির আহমদ, ফয়েজ আহমদ, নুর হোসেন ও আলী আকবর বলেন, নাসাকার অত্যাচারে সাগরে টেকনাফের জেলেরা ইলিশ ধরতে পারছেন না। নাসাকা গুলিবর্ষণ, জেলেদের সাগরে নিক্ষেপসহ মাছ ও ট্রলার লুট করে নিয়ে যাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, নাসাকা বাহিনীর সদস্যরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণ, মাছ ও জালসহ ট্রলার নিয়ে যাওয়ার পাশাপাশি জেলেদের সাগরে নিক্ষেপ করছে। বাংলাদেশ কোস্টগার্ড, সেন্টমার্টিন দ্বীপের ইনচার্জ সাব-লেফটেন্যান্ট মাসুদ জানান, জেলেদের মাছ ধরতে বাধা দেওয়া এবং জাল ও ট্রলার লুটের ব্যাপারে তাঁরা কোনো অভিযোগ পাননি। ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন বলেন, সোমবারের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে নাসাকার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।