নাসিম ওসমানের বিরুদ্ধে হালিম আজাদের জিডি
হুমকির ঘটনায় নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ। এতে হামলার আশঙ্কা করে নিজের ও নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন তিনি। গত বুধবার রাত ১০টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই জিডি করা হয়। একই সময় নারায়ণগঞ্জ শহরে ‘ওসমান’ পরিবার পরিচালিত নির্যাতন কেন্দ্রগুলো বন্ধের দাবি জানিয়ে একই থানায় জিডি করেন নাগরিক ও সাংস্কৃতিক নেতা রফিউর রাব্বি।গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে হালিম আজাদের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যান সাংসদ নাসিম ওসমান এবং হালিম আজাদসহ কয়েকজন সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন।দুটি জিডির বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, জিডির বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সুপারকে ত্বকী মঞ্চের চিঠি: কাল শনিবার বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে নগর ভবন পর্যন্ত মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল বৃহস্পতিবার দেওয়া চিঠিতে বলা হয়, তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ত্বকী মঞ্চ ১২ এপ্রিল মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু ওই কর্মসূচি বাধাগ্রস্ত ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শামীম ওসমানও একই দিন একই সময় কর্মসূচি দিয়েছে।