নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল আত্মসাতের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কারখানার অংশীদারেরা। তাঁদের অভিযোগ, একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদীন মোল্লা সাংসদ নাসিম ওসমানের মদদে ৭০০ কোটি টাকার ওই কারখানা আত্মসাতের চেষ্টা করছেন।
কারখানাটি রক্ষার দাবিতে গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতারা। লিখিত বক্তব্য পড়েন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, এনামুল হক, দীপক চন্দ্র দাস, মহিউদ্দিন কামলেখ, রবি চন্দ্র দাস, অনিল চক্রবর্তী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, মালিকানা ও শেয়ার হস্তান্তর চুক্তিপত্রের ৭ নম্বর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্থায়ী শ্রমিক-কর্মচারী ছাড়া অন্য কারও অনুকূলে বরাদ্দ বা হস্তান্তর করা যাবে না। অথচ পরিচালনা পর্ষদ কারখানার প্রধান উপদেষ্টা সাংসদ নাসিম ওসমানের সহযোগিতায় নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার কাছে কারখানা হস্তান্তরের ষড়যন্ত্র করতে থাকেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১১ সালের ৫ মে নতুন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে সাধারণ সভা আহ্বান করে পরিচালনা পর্ষদ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নতুন বিনিয়োগকারী অংশীদারদের এককালীন একটা সমঞ্চানী দেবে এবং কারখানা পুরোদমে চালু হলে লভ্যাংশ পাবে। সেই প্রতারণার মাধ্যমে সম্মানীর কথা বলে দুই লাখ পাঁচ হাজার টাকা করে দিয়ে কিছু অংশীদারের স্বাক্ষর নেয়। এরপর জয়নাল আবেদীন প্রচার করেন, তিনি কারখানা কিনে ফেলেছেন। এটা শুনে সমঞ্চানী নেওয়া ব্যক্তিরা হতবাক হয়ে যান। এর পর থেকে তাঁরা কারখানা রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। গত ২৪ জুন অংশীদার নিধু কমল দে ও তাঁর লোকজনের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে কারখানার স্থাবর ও অস্থাবর সব ধরনের সম্পদ স্থানান্তর বা হস্তান্তরে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট।একই সঙ্গে নবগঠিত পরিচালনা পর্ষদ কেন বেআইনি হবে না—তা জানতে চেয়ে রুল জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১৪ আগস্ট জয়নাল আবেদীন মোল্লার ছোট ভাই মনির হোসেন ওরফে মনার নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী কারখানার ভেতরে অস্ত্র নিয়ে হামলা চালায়। ৩১ আগস্ট কারখানার বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পরিচালনা পর্ষদ। সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদ ও ভূমিদস্যুদের কবল থেকে কারখানা রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অংশীদারেরা।