২০০৮ সালে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের সম্পদের আর্থিক মূল্য ছিল ৭৪ লাখ ২২ হাজার টাকা। ২০১৩ সালে এসে ওই সম্পদ এক হাজার ২২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে নয় কোটি ৮৫ লাখ ৮৩ হাজার টাকা হয়েছে।
ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়া নাসিম ওসমানের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের সঙ্গে বার্ষিক আয়-ব্যয়ের বিশাল তফাত রয়েছে। সম্পদ বৃদ্ধির ‘আলাদিনের প্রদীপের’ ছোঁয়া থেকে বাদ যাননি স্ত্রী ও দুই মেয়ে। স্ত্রীর সম্পদ বেড়েছে ৩১ শতাংশ। দুই মেয়ে পৌনে ১৪ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা ২০০৮ ও ২০১৩ সালের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
নাসিম ওসমানের পেশা চাকরি ও ব্যবসা। ছোট ভাই, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমানের মালিকানাধীন উইজডোম অ্যাটায়ার্স নামের পোশাক কারখানায় নির্বাহী পরিচালক হিসেবে চাকরি করেন। এ ছাড়া তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে আছে অগ্র ট্রেডিং, আজান ট্রেডিং করপোরেশন, উইজডোম নিটিং মিলস ও মৌসুমী কোল্ড স্টোরেজ। ২০০৮ সালে শেষের দুটি প্রতিষ্ঠান ছিল না।
দুই রকম আয়: এবার নির্বাচন কমিশনে দাখিল করা ফরম-২১-এ নাসিম ওসমান উল্লেখ করেন, তাঁর বার্ষিক আয় ২৫ লাখ ১৮ হাজার ৬৪৩ টাকা। ব্যয় ১২ লাখ টাকা। অথচ হলফনামায় উল্লেখ করেন, তিনি ব্যাংক সুদ থেকে বার্ষিক ৫৮ হাজার ৬৪৩ টাকা, সংসদ সদস্যের ভাতা বাবদ ১৩ লাখ ৬৭ হাজার ২৫০ টাকা ও চাকরি থেকে বছরে ২৪ লাখ টাকা পান।
সেই হিসাবে বার্ষিক আয় দাঁড়ায় ৩৮ লাখ ২৫ হাজার ৮৯৩ টাকা। অথচ ২০০৮ সালে তিনি শুধু চাকরি থেকে বছরে ১৮ লাখ টাকা আয় করতেন।
সম্পদের পাহাড় গড়েছেন: ২০০৮ সালে নাসিম ওসমানের হাতে নগদ ছিল ৫০ লাখ ৫৬ হাজার ২৬০ টাকা, ব্যাংকে জমা ছিল মাত্র পাঁচ হাজার টাকা। গত বছরের ৩০ জুন তাঁর হাতে ছিল আট লাখ ৫৯ হাজার ৫৪২ টাকা। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল পাঁচ লাখ টাকা।
গত ৩০ জুন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল পাঁচ লাখ ৪৩ হাজার ২২০ টাকা। পাঁচ মাসের ব্যবধানে তা চার হাজার ৩৬৫ শতাংশ বেড়ে দুই কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৬৫৬ টাকা হয়। ২০০৮ সালে তাঁর কোনো গাড়ি ছিল না। এবার বিলাসবহুল একটি জিপ ও একটি মাইক্রোবাসের মালিক হয়েছেন। দাম উল্লেখ করেছেন ৮৭ লাখ ৬০ হাজার ৮১ টাকা।
আগে নাসিম ওসমানের নামে স্থাবর সম্পদ বলতে শুধু চাষাঢ়া মৌজায় ৬০ দশমিক ৬৬ শতাংশ অকৃষি জমি ছিল। এবার তিনি বঙ্গবন্ধু সড়কের কালীরবাজার মোড়ে ছয় শতাংশ জমিসহ চারতলা ভবনের মালিক হয়েছেন। প্রায় ১৮ কোটি টাকা মূল্যের ওই সম্পদের দাম দেখিয়েছেন ৬৩ লাখ ২৫ হাজার টাকা। তিনি তিন কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকায় ফতুল্লায় ১৩৬ শতাংশ জমি কিনেছেন। একই মৌজায় ৪ দশমিক ৩৬ শতাংশ জমি কিনেছেন ১৬ লাখ ৮৮ হাজার টাকায়।
এ ছাড়া রাজধানীর উত্তরায় প্লট কিনতে ১১ লাখ টাকা অগ্রিম জমা দিয়েছেন। আরও জমি কিনতে জেসমিন চৌধুরীকে দেড় কোটি টাকা, গোলাম হায়দারকে ৩৬ লাখ টাকা, মিহির কুমারকে ২৫ লাখ টাকা ও আকরাম হোসেনকে পাঁচ লাখ টাকা বায়না বাবদ অগ্রিম দিয়েছেন। ২০০৮ সালে নাসিম ওসমানের পাঁচ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ছিল। এবার চারটি প্রতিষ্ঠানে তাঁর শেয়ারের মূল্য ছয় লাখ ২৫ হাজার টাকা।
দায়ও আছে: নাসিম ওসমান বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের কাছ থেকে তিন কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়েছেন বলে দাবি করেছেন। এ ছাড়া মাইক্রোবাস বাবদ নয় লাখ ৫৭ হাজার টাকা ও জিপ কেনা বাবদ ৫৭ হাজার টাকা দুটি ব্যাংকে পাওনা আছে।
স্ত্রীও ধনী হয়েছেন: ২০০৮ সালে নাসিম ওসমানের ওপর নির্ভরশীলদের ব্যবসা থেকে বার্ষিক আয় ছিল ৯০ হাজার টাকা। ২০১৩ সালে তাঁর স্ত্রী ও নির্ভরশীলেরা কোনো আয় করেননি। অথচ স্ত্রীর সম্পদ বেড়েছে ৩১ শতাংশ। স্ত্রীর হাতে এবার নগদ আছে এক লাখ টাকা, ব্যাংকে আছে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা। আগে শুধু হাতেই ছিল নগদ ২০ লাখ ১৩ হাজার টাকা। আগে স্ত্রীর কোনো যানবাহন না থাকলেও এবার একটি সিডান কারের মালিক হয়েছেন। দাম উল্লেখ করেছেন ২৩ লাখ টাকা।
অস্বাভাবিক সম্পদ অর্জনের ব্যাপারে নাসিম ওসমানের বক্তব্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নাসিম ওসমান হলফনামায় সম্পদের যে বিবরণ দিয়েছেন, দুর্নীতি দমন কমিশন বা কোনো গোয়েন্দা সংস্থাকে দিয়ে তার উৎস খুঁজে বের করা দরকার।