নাসিম প্রত্যাহার চাইলেও হরতালকে 'পান্তা' বললেন মায়া

দুই দিনের মধ্যে আলোচনার ব্যবস্থা না করলে টানা ৬০ ঘণ্টার হরতাল দেওয়া হবে বলে খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছেন, তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম। অন্যদিকে, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এই হরতালের ঘোষণাকে ‘পান্তা ভাত’ বলে উড়িয়ে দিয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় ১৪ দলের মুখপাত্র নাসিম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘হরতালের রাজনীতি পরিহার করুন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আলোচনায় অংশ নিন। নির্বাচনের পথে আসুন।’
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বিরোধী দলের নেতা একবার বলেন ২৫ তারিখ থেকে বর্তমান সরকার অবৈধ। আজ আবার বললেন ২৭ তারিখ থেকে অবৈধ।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘উনি অবৈধ বলার কে? সংবিধানে এই সরকারকে ২৪ জানুয়ারি পর্যন্ত বৈধতা দেওয়া হয়েছে। এ দেশের জনগণেরও ম্যান্ডেট আছে ২৪ জানুয়ারি পর্যন্ত।’ তাই ২৪ জানুয়ারি পর্যন্ত সরকার থাকবে ও সংবিধানের আলোকে নির্বাচন করবে বলে মন্তব্য করেন নাসিম।
এদিকে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘এই কর্মসূচি (হরতাল) জনগণের জন্য পান্তা ভাত। এসব কর্মসূচি দিয়ে খালেদা জিয়া তাঁর অসাংবিধানিক প্রস্তাব বাস্তবায়ন করতে পারবেন না। তাঁকে অবশ্যই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নিতে হবে।’ খালেদা জিয়া হরতাল ঘোষণার পর আজ সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় মায়া এসব কথা বলেন।
এদিকে খালেদা জিয়ার কর্মসূচি ঘোষণার পরপরই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, গুলিস্তান এলাকায় হরতালবিরোধী মিছিল শুরু করেছে আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা নৌকা, নৌকা বলে স্লোগান দিচ্ছেন।