নাসিম হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ (সোহেল) হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। হত্যাকাণ্ডে জড়িত ছাত্রদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কটূক্তি করারও প্রতিবাদ জানান ছাত্র ও যুব নেতারা।
গতকাল রোববার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাব এলাকায় নাসিম হত্যার প্রতিবাদে সমাবেশ করে ছাত্র ও যুবলীগ। সমাবেশে বক্তারা বলেন, হত্যাকারী কারা তা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। সমাবেশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের বিরুদ্ধে কুৎসা রটানোর সমালোচনা করেন বিভিন্ন বক্তা। তাঁরা বলেন, অনুপম সেন বিশ্ববরেণ্য সমাজবিজ্ঞানী। তিনি একুশে পদকজয়ী শিক্ষাবিদ। তাঁকে নিয়ে একটি মহল সমালোচনায় মেতে উঠেছে, যাতে নাসিম হত্যা চাপা পড়ে যায়।
গত মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ওয়াসা ক্যাম্পাসে খুন হন এমবিএর শিক্ষার্থী নাসিম আহমেদ। নিহত নাসিম চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন।
শহীদ মিনার থেকে ছাত্রলীগের মিছিলটি প্রেসক্লাব এলাকায় গেলে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নগর যুবলীগের নেতারা। সেখানে বক্তব্য দেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক। শহীদ মিনারের সমাবেশে নগর ছাত্রলীগের সহসভাপতি তালেব আলী, নাজমুল আহসান, একরামুল হক এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রমুখ বক্তৃতা করেন।
প্রেসক্লাবের সমাবেশে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, কোনো হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি মানা যায় না। হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস পাবে না।
যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ‘নাসিম হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি শুরু হয়েছে। এতে নাসিম হত্যার বিচার হবে কি না আমরা শঙ্কিত। সেদিন কারা তাঁকে খুন করেছে, তা ভিডিও ফুটেজে আছে। পুলিশের কাজ ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এই দুঃখজনক ঘটনাকে ভিন্ন দিকে নিতে একটি মহল উপাচার্য অনুপম সেনের বিরুদ্ধে মাঠে নেমেছে। ওরা আসলে কী চায়, তা আমাদের প্রশ্ন?’
শহীদ মিনারের সমাবেশে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিমের খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘হত্যা নিয়ে কুৎসিত রাজনীতি চললে খুনিরা পার পেয়ে যাবে। আমরা অপরাজনীতি বন্ধ চাই। আমরা নাসিমের খুনিদের শাস্তি চাই।’
শহীদ মিনারের সমাবেশে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘নাসিমের হত্যাকারীরা চিহ্নিত। ওদের চেহারা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। আমরা শুনেছি, পাঁচজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনই ঘটনাস্থলে ছিল। কিন্তু ওদের জবানবন্দি নেওয়া হচ্ছে না কেন?’