নাসিম হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর ও সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, নাসিম হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি ছাত্রলীগের ছয় কর্মীকে অভিযুক্ত করে উপাচার্যের কাছে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের লুৎফর রহমান, সমাজকর্ম বিভাগের জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের তৌফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল আমিন ও মনোবিজ্ঞান বিভাগের মশিউর রহমানকে অভিযুক্ত করা হয়। গতকাল রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই ছয়জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুদ্দিন ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য এম আবদুস সোবহান জানান, ডিসিপ্লিনারি বোর্ডের কাছ থেকে সিদ্ধান্ত পাওয়ার পর আগামী সিন্ডিকেট বৈঠকে ওই ছয়জনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।