১৮-দলীয় জোটের তৃতীয় দফা অবরোধ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীরা চট্টগ্রাম নগরের নাসিমন ভবন ও অলংকার মোড়ে মিছিল-সমাবেশ সীমাবদ্ধ রেখেছেন। নগরের কিছু জায়গায় চোরাগোপ্তা হামলা চালিয়েছে ছাত্রশিবির।
তবে দৃশ্যমান কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে আওয়ামী লীগ। সংগঠনটি নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে অবরোধ ও হরতালবিরোধী সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে।
গতকাল অবরোধের দ্বিতীয় দিনে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এসব কর্মসূচির নেতৃত্ব দেন। নাসিমন ভবন চত্বর থেকে কাজীর দেউড়ি মোড় পর্যন্ত তাঁর কর্মসূচি সীমাবদ্ধ ছিল। আর গতকাল সকালের দিকে অবরোধের সমর্থনে নগরের প্রবেশপথ অলংকার মোড় ও কর্নেলহাট এলাকায় মিছিল করে ১৮-দলীয় জোট। পুলিশ গেলে মিছিলকারীরা দ্রুত সটকে পড়ে।
এ ছাড়া গতকাল সকালে নগরের বায়েজিদ এলাকায় শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে দ্রুত সরে যান। এ ছাড়া ১৮-দলীয় জোটের আর কোনো কর্মসূচি গতকাল চোখে পড়েনি।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগর ছাত্রদল গতকাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। এই কর্মসূচির সমর্থনে ছাত্রদলের কোনো নেতাকে গতকাল মাঠে দেখা যায়নি। পত্রিকা ও গণমাধ্যম কার্যালয়ে পাঠানো বিবৃতির মাধ্যমে সংগঠনটি গতকাল হরতাল কর্মসূচি পালন করেছে।
নাসিমন ভবনে নোমান: গতকাল নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরের সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী করতে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন করেন। নির্দলীয় সরকারব্যবস্থা বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে তিনি চেষ্টা করছেন।’
নোমান আরও বলেন, ‘সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বাসনা পঞ্চদশ সংশোধনী বহাল রেখে বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করা। এ দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের যে সংগ্রাম চলছে, সেটা কেবল তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই সংগ্রাম। এই সংগ্রামে জয়ী হতে হলে সবাইকে মাঠে নামতে হবে।’
রাজপথে আওয়ামী লীগ সরব: হরতাল ও অবরোধবিরোধী কর্মসূচি নিয়ে গতকাল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঠে সরব দেখা গেছে। নগরের আগ্রাবাদ, দেওয়ানহাট, ছোটপুল, বড়পুল, নিমতলা, বন্দর, নয়াবাজার, অলংকার মোড়, ব্যাপারীপাড়া, বহদ্দারহাট, মুরাদপুরসহ নগরের বিস্তীর্ণ এলাকায় হরতাল ও অবরোধবিরোধী সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা সাত মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেন।
নগর আওয়ামী লীগের সদস্য ও পূর্ব হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘আমরা বন্দরটিলা ও ইপিজেড মোড়ে হরতাল ও অবরোধবিরোধী সমাবেশ করেছি। এ এলাকার রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিরোধীদলীয় জোট পত্রিকায় বিবৃতির মাধ্যমে তাঁদের কর্মসূচি সীমাবদ্ধ রেখেছে। রাজপথে কার্যত তাদের অবস্থান নেই।’