নাসিমার কোলজুড়ে ফুটফুটে সন্তান
সোমবার রাত পৌনে ১০টা। অপ্রকৃতিস্থ এক নারী প্রসব করেন ফুটফুটে পুত্রসন্তান। কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছিলেন না তিনি। ইট ও কাচের টুকরো ছুড়ে মারছিলেন। সাহস করে তাঁর কাছে যান তিন নারী। কোলে তুলে নেন নবজাতককে। সুস্থ করে তোলেন শিশুটিকে।
এ ঘটনা ঘটে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বিআইডব্লিউটিএ ভবনের নিচতলায়। প্রসূতির নাম নাসিমা বেগম (৩৭)। তাঁর বাড়ি কলাপাড়ার টুঙ্গিবাড়িয়া গ্রামে। তাঁকে সাহায্যকারী তিন নারী হলেন স্থানীয় হোটেলমালিকের স্ত্রী হাসিনা বেগম, ক্ষুদ্র ব্যবসায়ী রেহানা বেগম ও স্বাস্থ্য সহকারী জুলিয়া নাসরিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মানস মজুমদার বলেন, শিশুটির ওজন প্রায় তিন কেজি। তার কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। সে ভালো আছে। মানবিক মূল্যবোধে জাগ্রত কয়েকজনের চেষ্টায় দুটি প্রাণ রক্ষা পেয়েছে। এটা সমাজের জন্য মঙ্গল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিআইডব্লিউটিএ ভবনের নিচতলায় ময়লা-আবর্জনাময় স্যাঁতসেঁতে মাটির মেঝেতে ওই নারী প্রসব-বেদনায় কাতরাচ্ছিলেন। একপর্যায়ে তিনি সন্তান প্রসব করেন। উপস্থিত লোকজন ছোটাছুটি করতে থাকেন। এর মধ্যে স্থানীয় দু-তিনজন সংবাদকর্মীও ছিলেন। সবার চেষ্টা ছিল কীভাবে নবজাতক ও প্রসূতিকে নিরাপদ রাখা যায়। কিন্তু কেউ কাছে ঘেঁষতে সাহস পাচ্ছিলেন না। খবর পেয়ে দৌড়ে আসেন হাসিনা বেগম ও রেহানা বেগম। তাঁরা নবজাতককে কোলে তুলে নেন। খবর পেয়ে স্বাস্থ্য সহকারী জুলিয়া নাসরিন ও কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী ঘটনাস্থলে আসেন। জুলিয়া নাসরিন দ্রুত প্রসূতি ও নবজাতকের নাড়ি ছিন্ন করে দুজনকেই প্রাথমিক স্বাস্থ্যসেবা দেন। এরপর প্রসূতি যেতে না চাওয়ায় তাঁকে স্থানীয় ব্যক্তিদের তত্ত্বাবধানে রেখে রাতেই নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এসআই ইদ্রিস আলী নবজাতকের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বেশির ভাগ সময় বিআইডব্লিউটিএ ভবনের নিচতলার মাটির মেঝেতে রাত কাটত মানসিক ভারসাম্যহীন নাসিমার। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। স্থানীয় ব্যক্তিরা উদ্যোগী হয়ে একাধিকবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে এলেও সেখান থেকে পালিয়ে আসেন তিনি।
উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে নবজাতককে লালন-পালনের জন্য আমার কাছে হস্তান্তর করা হয়েছে।’