নাসিমার প্রয়োজন একটি হুইলচেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিমার বয়স ১২। এ বয়সে তার হই-হুল্লোড়ে মেতে থাকার কথা। বই হাতে স্কুলে যাওয়ার কথা। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তার কোনো আশাই পূরণ হচ্ছে না। হাঁটতে-চলতে পারে না সে। তার সারা দিন কাটে প্লাস্টিকের চেয়ারে বসে।
নাসিমার কথা শুনে তার কষ্টটা বোঝা যায়—‘সবাই হইচই করে স্কুলে যায়। আমি শুধু দেখি। ইচ্ছে হয় ওদের সঙ্গে আমিও যাই। কিন্তু সে ইচ্ছা আমার পূরণ হওয়ার নয়। আমি দাঁড়াতে পারি না, হাঁটতেও পারি না। হাত-পা হামাগুড়ি দিয়ে আমাকে চলাফেরা করতে হয়। সারা দিন ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকতে আমার খুব কষ্ট হয়।’
নাসিমা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মো. সামছুল হক তাঁতশ্রমিক। দুই মেয়ের মধ্যে নাসিমা ছোট। বড় মেয়ে সাবিনা খাতুনের (২৫) বিয়ে হয়ে গেছে। মা রহিমা বেগম সারা দিন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকেন। বাবার সামান্য আয় দিয়েই চলে তিনজনের সংসার।
রহিমা বেগম বলেন, জন্ম থেকেই নাসিমার দুই হাত ও দুই পা বাঁকা। বিশেষ প্রয়োজনে হামাগুড়ি দিয়ে কিছুদূর যেতে পারে। মেয়ের সব কাজ তাঁকেই করতে হয়। কিন্তু এখন তাঁর আর শরীরে কুলায় না।
নাসিমার বাবা সামছুল হক বলেন, মেয়ের নামে প্রতিবন্ধী কার্ড পেয়েছেন। মাসিক ৫০০ টাকা ভাতা আর তাঁর সামান্য আয় দিয়ে চলে তিনজনের সংসার। নিজের দুই শতক জমির ওপর একটি ছাপরা ঘর তুলে বসবাস করছেন। অভাবের সংসারে মেয়ের জন্য বাড়তি কিছু করাটা কঠিন। তারপরও চেষ্টা করেন। কিন্তু টাকা গোছাতে না পারায় এখনো একটা হুইল চেয়ার কিনে দিতে পারেননি।
নসিমা বলে, ‘বাবা-মা আমার সব কাজ করে দেন। যদি একটি হুইল চেয়ার পেতাম, তাহলে ওই চেয়ারে বসে এখানে-ওখানে যেতে পারতাম। নিজের কাজ নিজে করতে পারতাম। জানি না, আমার এ আশা পূরণ হবে কি না।’