নাসিমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার লালদীঘি মাঠ এলাকায় মানববন্ধন হয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামাজিক সংগঠন প্রজন্ম ও নির্বাণের ব্যানারে বেলা ১১টায় এই মানববন্ধন শুরু হয়।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাসিম আহমেদের বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ সালাহ্উদ্দীন, প্রজন্ম-এর সাধারণ সম্পাদক কাউসার আলম, চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোকসেদ আলী।
সমাবেশে বক্তারা বলেন, নাসিম আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ এই খুনের ঘটনায় অনেক আসামি এখনো গ্রেপ্তার হয়নি। এর ফলে নাসিম আহমেদের পরিবার আতঙ্কের মধ্যে আছে। অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার ও মামলার তদন্তভার সিআইডিকে দিতে হবে, অন্যথায় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।
মানববন্ধন কর্মসূচির পর পুলিশ কমিশনারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গত বছরের ২৯ মার্চ ওয়াসা ক্যাম্পাসে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদকে খুন করা হয়। নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে তিনি খুন হন।